কক্সবাজারের উখিয়ায় বন বিভাগের পৃথক অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ এবং পাহাড় কাটার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে উপজেলার থাইংখালী বিটের তাজিমারখোলা খালে অভিযান চালিয়ে ড্রেজার মেশিনটি জব্দ করেন বন বিভাগের কর্মকর্তারা। পরে সেটি থাইংখালী বিট কার্যালয়ে রাখা হয়।
এর আগে একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঘোনারপাড়া এলাকায় অভিযান চালায় বন বিভাগ। বন বিভাগের দাবি, আকতার কামাল নামের এক ব্যক্তি রোহিঙ্গা শ্রমিকদের দিয়ে সকাল থেকে পাহাড় কেটে চার ডাম্পার মাটি সরিয়ে নিয়েছেন। এ অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নানের নেতৃত্বে পরিচালিত অভিযানে থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদসহ বন বিভাগের কর্মীরা অংশ নেন।
রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।
এদিকে, অভিযুক্ত আকতার কামালের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।



