মানিকগঞ্জে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ ও সড়কে টায়ার পোড়ানোর ঘটনায় অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতভর জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পর জেলা শহরের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। জেলা প্রশাসকের কার্যালয়, কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, পুলিশ সুপারের বাসভবন, বিভিন্ন রাজনৈতিক কার্যালয়, ঘিওর বাসস্ট্যান্ড ও পাটুরিয়া ট্রাফিক পুলিশ বক্সের আশপাশে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।
একই সময়ে সাটুরিয়া, শিবালয় ও সিংগাইর উপজেলার বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।
রাত সাড়ে ৮টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে পার্ক করা স্বাধীনতা এক্সপ্রেসের একটি মিনিবাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।
এসব ঘটনার পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও গোয়েন্দা সদস্যরা যৌথভাবে অভিযান শুরু করেন। এতে মানিকগঞ্জ সদর থানা থেকে ছয়জন, জেলা গোয়েন্দা পুলিশ থেকে দুজন এবং সিংগাইর ও দৌলতপুর থানা থেকে একজন করে মোট ১০ জনকে আটক করা হয়। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম জানান, পরিকল্পিতভাবে আতঙ্ক ও অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্যে এসব ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলছে।