ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং বৈষম্যমূলক বিধান বাতিলের দাবিতে রংপুরে আন্দোলন অব্যাহত রেখেছেন আইনজীবীরা। মঙ্গলবার (১০ নভেম্বর) টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ ও সমাবেশ করেছেন তারা।
বিকেলে অ্যাডভোকেট রফিকুল ইসলাম লালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সিনিয়র অ্যাডভোকেট জুবাদুল ইসলাম বুলেট, মোকছেদুল হক, মঞ্জুম হোসেন, মাসুম হাসান, পলাশ কান্তি নাগ, গোলাম মোস্তফা মিয়াজী, ছগির উদ্দিন আহম্মেদ ও আরিফুল ইসলাম আরিফসহ অন্য আইনজীবীরা।
বক্তারা রংপুর আইনজীবী সমিতির অ্যাসোসিয়েট সদস্যপদকে কেন্দ্র করে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ তুলে বৈষম্যমূলক বিধান বাতিলের দাবি জানান।
সমাবেশের পর আদালত চত্বর ও প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা। মিছিল শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্মসূচি অনুযায়ী, বুধবার ও বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মুখে কালো কাপড় বেঁধে অবস্থান ও প্রতিবাদ জানাবেন আইনজীবীরা।