উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় পোলট্রি ব্যবসায় সংকটে পড়েছেন নাটোরের খামারিরা। মুরগির খাবার, বাচ্চা, ওষুধ ও বিদ্যুতের খরচ বাড়লেও বাজারে কাঙ্ক্ষিত দাম মিলছে না। ফলে বিনিয়োগের অর্থ ফেরত পাওয়া তো দূরের কথা, খামার পরিচালনার খরচ জোগানোই কঠিন হয়ে উঠেছে অনেক উদ্যোক্তার জন্য।
নাটোর সদর উপজেলার বিভিন্ন এলাকার খামার ঘুরে এমন পরিস্থিতির কথা জানা গেছে। বড়হরিশপুর এলাকার ব্রয়লার খামারিদের পাশাপাশি ডিম উৎপাদনকারী খামারিরাও আর্থিক চাপে রয়েছেন। লোকসানের আশঙ্কায় কেউ কেউ ব্যবসা গুটিয়ে নেওয়ার কথাও ভাবছেন।
বড়হরিশপুরের সরকার পোলট্রি ফার্ম ও ধলাট গ্রামের শাহজালাল পোলট্রি ফার্মে যথাক্রমে প্রায় এক হাজার এবং দুই থেকে তিন হাজার ব্রয়লার মুরগি পালন করা হয়। এসব খামারে উৎপাদন ব্যয় বৃদ্ধির প্রভাব পড়েছে সরাসরি।
খামারি সুজন সরকার জানান, অক্টোবরে প্রতি বস্তা পোলট্রি ফিডের দাম ছিল ৩ হাজার ২৫০ টাকা। নভেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪৫০ টাকায়। সরকার পোলট্রি ফার্মে মাসে প্রায় ৭০ বস্তা এবং শাহজালাল পোলট্রি ফার্মে ৭০ থেকে ৭৫ বস্তা খাবার প্রয়োজন হয়। এতে দুই খামারের মাসিক ফিড ব্যয় বেড়েছে প্রায় ২৮ থেকে ২৯ হাজার টাকা।
মুরগির বাচ্চার দামও উল্লেখযোগ্য হারে বেড়েছে। আগে প্রতিটি বাচ্চা ৩২ টাকায় পাওয়া গেলেও এখন কিনতে হচ্ছে ৪৫ থেকে ৪৮ টাকায়। খাবার স্যালাইনের কেজিপ্রতি দাম ১৭০ টাকা থেকে বেড়ে হয়েছে ২০০ টাকা। ওষুধ ও অন্যান্য পরিচর্যা সামগ্রীর খরচও বাড়ছে।
বিদ্যুৎ বিলের ক্ষেত্রেও বাড়তি চাপ তৈরি হয়েছে। সরকার পোলট্রি ফার্মের বিদ্যুৎ বিল আগস্টে ৩ হাজার টাকা থাকলেও সেপ্টেম্বরে তা বেড়ে ৪ হাজার টাকা হয়েছে। শাহজালাল পোলট্রি ফার্মেও আগের সাড়ে ৩ হাজার টাকার বিল বেড়ে ৪ হাজার টাকা হয়েছে।
অন্যদিকে, উৎপাদন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে মুরগির দাম বাড়েনি। খামারিদের হিসাবে, আগে প্রতি কেজি ব্রয়লার ১৩০ টাকায় বিক্রি হলেও বর্তমানে পাওয়া যাচ্ছে ১২৫ টাকা। এতে লাভের পরিবর্তে লোকসানের আশঙ্কা বাড়ছে।
বড়হরিশপুর ইউনিয়নের রামপুর গ্রামের খামারি রঞ্জিত জানান, আগে সব খরচ বাদ দিয়ে মাসে ১৯ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত আয় হতো। কিন্তু খাবার ও ওষুধের মূল্যবৃদ্ধির কারণে এখন সেই আয় ধরে রাখা কঠিন।
সিংড়ার বিলদহর এলাকার খামারি মো. সাইদুর রহমান বলেন, বাড়ির সীমিত জায়গায় পোলট্রি পালন করেন তিনি। তবে খাবার ও ওষুধের দাম যেভাবে বাড়ছে, তাতে এ ব্যবসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ছে।
একই ধরনের উদ্বেগ জানিয়েছেন বড়হরিশপুরের ধলাট গ্রামের আলহাজ। তার ভাষ্য, অল্পসংখ্যক মুরগি দিয়ে খামার শুরু করেছিলেন। কিন্তু আগের তুলনায় খাবারের দাম অনেক বেড়ে যাওয়ায় দীর্ঘদিন ব্যবসা চালিয়ে যেতে পারবেন কি না, তা নিয়ে সংশয়ে রয়েছেন।
ডিম উৎপাদনকারী খামারিদের অবস্থাও ভালো নয়। সিংড়ার ডাহিয়া ইউনিয়নের আব্দুল রশিদ জানান, আগে ডিম বিক্রি করে মুরগির খাবার ও ওষুধের খরচ মেটানো সম্ভব হতো। বর্তমানে ডিমের দাম দিয়ে এসব ব্যয় বহন করা যাচ্ছে না।
খামারিদের অভিযোগ, উৎপাদন উপকরণের মূল্য বাড়লেও বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত হচ্ছে না। এ অবস্থা অব্যাহত থাকলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা পোলট্রি ব্যবসা থেকে সরে যেতে বাধ্য হবেন। ইতিমধ্যে পুঁজি হারিয়ে অনেকে খামার বন্ধ করেছেন বলেও দাবি তাঁদের।
এদিকে নাটোরের মাদরাসা মোড়ের পোলট্রি ফিড বিক্রেতা শরিফুল ইসলাম বলেন, কোম্পানির নির্ধারিত দামেই গ্রাহকদের কাছে খাবার বিক্রি করা হয়। তবে বাকিতে পণ্য নিলে ক্রেতাদের কিছুটা বেশি অর্থ পরিশোধ করতে হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোরের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান জানান, নির্ধারিত মূল্যের বেশি দামে ফিড বিক্রির অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নাটোর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সেলিম উদ্দিন বলেন, কিছু খামারি ওষুধ কোম্পানি বা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিভিত্তিক ব্যবসা করতে গিয়ে লোকসানে পড়ছেন। আবার প্রয়োজনীয় প্রশিক্ষণ ও কারিগরি জ্ঞানের অভাবেও অনেকে খামার পরিচালনায় সমস্যায় পড়েন।
তিনি জানান, দীর্ঘদিন সফলভাবে খামার পরিচালনার জন্য বিজ্ঞানসম্মত পদ্ধতি অনুসরণ, যথাযথ প্রশিক্ষণ এবং ধৈর্যের প্রয়োজন। এসব বিষয়ে দক্ষতা অর্জন করতে পারলে প্রতিকূল পরিস্থিতিতেও পোলট্রি ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব।