দুর্নীতি ও অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে ফেনী পৌরসভা। যার কেন্দ্রবিন্দুতে আলোচনায় রয়েছেন পৌর নির্বাহী কর্মকর্তা সামছুদ্দিনের নানা বিতর্কিত কর্মকাণ্ড। গত ২০২৫ সালের ১৭ সেপ্টেম্বর যোগদানের পর থেকেই তিনি রাজস্ব ফাঁকি, টেন্ডার বাণিজ্যে ঘুষ গ্রহণ, সরকারি মালামাল আত্মসাৎ এবং কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে অর্থ আদায়ের মাধ্যমে পৌরসভাজুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
উক্ত কর্মকর্তা যোগদানের পর সে নিয়মিত পৌরসভার পাজারু গাড়ি নিয়মিত ব্যক্তিগত কাজে ব্যবহার করান। তিনি পৌরসভার তহবিল থেকে তার মায়ের নামে ৫০,০০০ হাজার টাকার অনুদান গ্রহণ করেন। তার এইসব দুর্নীতির প্রধান সহায়কের দায়িত্ব পালন করছেন কনজারভেন্সি শাখার মোঃ সরোয়ার। সরোয়ারের মাধ্যমে শহর জুড়ে চাঁদাবাজের হাট বসিয়েছেন।
অনুসন্ধানে জানা যায়, যোগদানের মাত্র এক অল্পদিনের মাথায় পৌরসভার সরকারি তহবিল ও গাড়িচালক আনোয়ারকে ব্যবহার করে দুটি দামি এসএস (SS) গেট এবং গাজী ব্র্যান্ডের চার হাজার লিটার ধারণক্ষমতাসম্পন্ন দুটি পানির ট্যাংক সোনাগাজীতে নিজের গ্রামের বাড়িতে নিয়ে যান এই কর্মকর্তা। শুধু তাই নয়, ওই মালামাল পৌঁছে দিতে পৌরসভার ফান্ড থেকে ২৫ লিটার জ্বালানির রিসিট কেটে সরকারি খরচে ব্যক্তিগত কাজ সম্পন্ন করা হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে ভুক্তভোগী চালক আনোয়ার বলেন, "বড় স্যার নির্দেশ দিয়েছেন বলেই দুটি এসএস গেট এবং ২০০০ লিটারের দুটি পানির ট্যাংক উনার গ্রামের বাড়িতে পৌঁছে দিয়েছি। স্যাররা নির্দেশ দিলে তা পালন করা ছাড়া আমাদের তো উপায় নেই। তিনি আরও জানান, কিছুদিন পর পৌরসভার গাড়িটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হলে সেই অজুহাতে তার কাছে ৫০ হাজার টাকা দাবি করেন ওই কর্মকর্তা। টাকা দিতে না পারায় চাকরিচ্যুত করার হুমকি দেওয়া হয় এবং শেষ পর্যন্ত তাকে চাকরি হারাতে হয়েছে। বর্তমানে বেকার জীবন পার করছেন বলে ক্ষোভ প্রকাশ করেন এই চালক।
পৌরসভার রাজস্ব ক্ষতির বড় কারণ হয়ে দাঁড়িয়েছেন এই কর্মকর্তা নিজেই। যোগদানের পর থেকে বিরঞ্চির নবনির্মিত ৬ বেডের কোয়ার্টারটি কোনো প্রকার ভাড়া না দিয়ে বিগত ১০ মাস ধরে অবৈধভাবে দখল করে রেখেছেন। পৌর সভার পরিচ্ছন্ন কর্মী চক্রবর্তীকে দিয়ে তার বাসার নিয়মিত রান্নাবান্না ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করাচ্ছেন। কিন্তু তার বেতন পরিশোধ করছেন পৌরসভা কর্তৃপক্ষ। এছাড়াও ফেনী পৌরসভা তার পরিবারের ৬ নিকট আত্মীয় কে মাস্টাররোল চাকরিতে অন্তর্ভুক্ত করেছে। প্রতি মাসে একটি বড় অংকের রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে ফেনী পৌরসভা।
টেন্ডার প্রক্রিয়ায় তার ঘুষ বাণিজ্য এখন ওপেন সিক্রেট। নাম প্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদার ক্ষোভ প্রকাশ করে জানান, "উনার সাথে নির্দিষ্ট হারে পার্সেন্টেজ চুক্তি না হলে কোনো ফাইলেই সই হয় না। কোনো না কোনো অজুহাত দেখিয়ে মাসের পর মাস ঘোরানো হয়। ঘুষের টাকা বুঝিয়ে দেওয়ার পরই কেবল ফাইল সই হয়। ফেনী পৌরসভার ইতিহাসে এত দুর্নীতিবাজ অফিসার কেউ দেখেনি।" সুইপার থেকে শুরু করে পৌরসভার কোনো স্তরেই টাকা ছাড়া সেবা মেলে না বলে অভিযোগ রয়েছে।
কনজারভেন্সি বিভাগের বিভিন্ন ওয়ার্ডের ইনচার্জদের ব্যবহার করে হাট-বাজারের রাজস্ব ও অন্যান্য খাত থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। মাস্টাররোলে কর্মরত কর্মচারীদের চাকরিচ্যুত করার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া যেন তার নিয়মিত রুটিনে পরিণত হয়েছে। চাকরি টিকিয়ে রাখার ভয়ে নিম্ন বেতনভোগী কর্মচারীরা ৫ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত দিতে বাধ্য হচ্ছেন। তার জঘন্য ও দুর্ব্যবহারে পুরো পৌরসভার স্টাফরা অতিষ্ঠ হয়ে উঠেছে।
সরকারি অর্থ ও ক্ষমতার অপব্যবহার করে তিনি সোনাগাজীতে নিজ গ্রামে নামে-বেনামে প্রচুর সম্পত্তি গড়ে তুলেছেন বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি ফেনী শহরেও বেশ কয়েকটি ফ্ল্যাটের মালিক হয়েছেন বলে এলাকায় জোর গুঞ্জন চলছে।
এ বিষয়ে ফেনী পৌরসভার প্রশাসক শিবলী নোমান জানান, "এগুলোর মধ্যে কিছু অনিয়মের সংবাদ আমার নলেজে এসেছে । দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে পৌর নির্বাহী কর্মকর্তা সামছুদ্দিন বলেন, "এগুলো একটি কুচক্রীমহল আমার সম্মানহানি করার জন্য ছড়াচ্ছে। এসব সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি এইগুলোর সাথে কোনোভাবেই জড়িত নই। দয়া করে নিউজটি প্রকাশ করবেন না, আমার সাথে একটু বসে বিষয়টি সমাধান করুন।
একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে জানা যোগদানের সময় তিনি নিজেকে এনসিপি নেতার পিতা দাবি করে সকলকে শাসিয়েছেন। পৌরসভার লুটপাটের টাকা দিয়ে তার ছেলেকে প্রাইভেট কার কিনে দিয়েছেন। তারা নজিরবিহীন দুর্নীতি ও অসদাচরণে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ফেনী পৌরসভার সাধারণ কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সচেতন মহল। তারা দ্রুত নিরপেক্ষ তদন্তপূর্বক অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক প্রশাসনিক শাস্তির দাবি জানিয়েছেন।




