নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের পূর্বঘোষিত ধর্মঘট কর্মসূচিকে ঘিরে রাঙ্গামাটি শহরের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে তালা লাগানোর ঘটনা ঘটেছে। একই সঙ্গে রাতের আঁধারে বিভিন্ন স্থানে পোস্টারও সাঁটানো হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রবেশপথে তালা দেখতে পান স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে প্রতিষ্ঠানগুলোর প্রবেশপথ খুলে দেন।
এদিকে ঘটনার পর শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা বাড়ানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশসহ সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
রাঙ্গামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন জানান, রাতের বেলায় কারা এসব প্রতিষ্ঠানের ফটকে তালা লাগিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। ধর্মঘট কর্মসূচিকে কেন্দ্র করে শহরে সতর্কতা ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।