প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে খুলনার গাজীরহাটসহ নগরীর বিভিন্ন এলাকায় তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী শ্যামা পূজা ও দীপাবলি উৎসবের পর্দা নেমেছে আজ। অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির প্রতিষ্ঠার প্রার্থনায় পূজা-অর্চনা শেষে ভক্তরা আবেগঘন পরিবেশে বিদায় জানিয়েছেন দেবী কালিকে।
সন্ধ্যা নামতেই বিভিন্ন পূজামণ্ডপ থেকে শুরু হয় বিসর্জনের শোভাযাত্রা। ঢাকের বাদ্য, কাঁসর ঘণ্টা ও উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে সড়ক ও নদীর ঘাট। ভক্তদের অংশগ্রহণে শোভাযাত্রাগুলোতে তৈরি হয় উৎসবের আমেজ। বিসর্জনের মুহূর্তে অনেকের চোখে ছিল বিদায়ের বেদনা।
এবার গাজীরহাটের পূজামণ্ডপগুলো সাজানো হয়েছিল বর্ণিল আলোকসজ্জা ও নানা আয়োজনে। স্থানীয়দের পাশাপাশি আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে হাজারো দর্শনার্থী সেখানে সমবেত হন। উল্লেখযোগ্য আয়োজনের মধ্যে ছিল রামানন্দপুর সার্বজনীন মন্দির, রামানন্দপুর পাটনিবাড়ী সার্বজনীন মন্দির, গাজীরহাট মহাশ্মশান মন্দির ও গাজীরহাট কালীবাড়ি পূজামণ্ডপ। এ ছাড়া সমরেশ সাহা, কাজল সরকার ও বাবুল কর্মকারের ব্যক্তিগত উদ্যোগেও পূজার আয়োজন করা হয়। অভিনেত্রী পূজা চেরির পরিবারের পূজাও ছিল আলোচনায়।
খুলনা নগরীতেও ছিল নানা আয়োজন। ঐতিহ্যবাহী আর্য ধর্মসভা মন্দির, শীতলাবাড়ি মন্দির, কয়লাঘাট কালীমন্দির, রূপসা মহাশ্মশান ও শ্মশান কালীমন্দির এবং শিববাড়ি মন্দিরে পূজা অনুষ্ঠিত হয়। পাশাপাশি সংঘমিত্র, অগ্রণী বয়েজ ক্লাব, সূর্য তরুণ সংঘ, এশিয়া শ্যামা সংঘ, সোনার বাংলা যুবগোষ্ঠী, সান ফ্লাওয়ার ও কুন্ডুবাড়ির গলিসহ বিভিন্ন সংগঠন ও মণ্ডপের আয়োজন ছিল উৎসবের অন্যতম আকর্ষণ।
নগরীর উৎসবের শেষ পর্বে বিশেষ আকর্ষণ হয়ে ওঠে সিটি ব্যাংকের সামনের আতশবাজি প্রদর্শনী। রাত ৯টা থেকে রাত ১টা পর্যন্ত চলা আলোর ঝলকানি উপভোগ করতে সেখানে ভিড় করেন শত শত সনাতন ধর্মাবলম্বী মানুষ। বর্ণিল আতশবাজিতে রাতের আকাশ রঙিন হয়ে ওঠে।
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক সমাপ্তি ঘটলেও ভক্তদের মনে রয়ে যায় উৎসবের আনন্দ, মিলনমেলা ও দেবী বিদায়ের আবেগ।




