হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি পাথরবোঝাই ট্রাকের পেছনে ডাক বিভাগের কাভার্ড ভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। নিহতরা সবাই বাংলাদেশ ডাক বিভাগের কর্মী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৩টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কাউছার নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা-ট-১১-০৫০৮ নম্বরের একটি পাথরবোঝাই ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকাগামী ডাক ও পার্সেলবাহী ঢাকা মেট্রো-উ-১১-৮৪২৫ নম্বরের কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।
এতে কাভার্ড ভ্যানের চালক জসিম (৪০), যাত্রী মজনু মিয়া (৫৪) ও রিপন মিয়া (২৩) গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত জসিমের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর গ্রামে। মজনু মিয়া মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাকজোড় গ্রামের বাসিন্দা। অন্যদিকে রিপনের বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সুরাবি গ্রামে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, নিহতদের মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে। দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।