জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের হেমড়াবাড়ি খাল পুনঃখননের ছয় মাসের মধ্যেই দুই পাড়ে ভাঙন দেখা দিয়েছে। এতে পাশের রাস্তা, বসতবাড়ি ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ১ কোটি ২৮ লাখ টাকার বেশি ব্যয়ে পাঁচ কিলোমিটার খাল পুনঃখননের পর এমন পরিস্থিতিতে কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে পশ্চিম পলিশা মোড় থেকে দুধিয়াগাছা পর্যন্ত পাঁচ কিলোমিটার খাল পুনঃখননের প্রকল্প নেওয়া হয়। এতে বরাদ্দ ছিল ১ কোটি ২৮ লাখ ৭৮ হাজার ৫৩৭ টাকা। প্রকল্প অনুযায়ী খালের প্রস্থ ৯ দশমিক ১৬ মিটার ও গভীরতা চার মিটার নির্ধারণ করা হয়। পাশাপাশি দুই পাড়ে পাঁচ ফুট প্রশস্ত রাস্তা নির্মাণ এবং ২ হাজার ৬০টি গাছ লাগানোর পরিকল্পনা ছিল। গত ১৬ মার্চ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এ কাজের উদ্বোধন করেন।
স্থানীয়দের অভিযোগ, খাল খননের আগে পানি প্রবাহের অবস্থা ভালো ছিল। নতুন করে খননের পর পাড়ের মাটি ধসে খাল ভরাট হওয়ার পাশাপাশি আশপাশের রাস্তা, বসতবাড়ি ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। শ্রমিক ও ভেকু (খননযন্ত্র) দিয়ে কাজ করার কথা থাকলেও শুধু ভেকু ব্যবহার করে খননকাজ শেষ করা হয়েছে। পাড়ের মাটি যথাযথভাবে শক্ত করা এবং ঘাস লাগানোর ব্যবস্থা না থাকায় ভাঙন দেখা দিয়েছে বলে তাদের দাবি।
পলিশা গ্রামের বাসিন্দা রহুল আমিন বলেন, খালের দুই পাশে পরিকল্পনা অনুযায়ী রাস্তা নির্মাণ করা হলে পাড় ধসে পড়ার আশঙ্কা কম থাকত। এখন পাড় ভেঙে খাল ভরাট হচ্ছে। পশ্চিম পলিশা ও পলিশা গ্রামের রাস্তা এবং অনেকের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুধিয়াগাছা এলাকার কৃষক মোজাম্মেল হোসেন বলেন, খালের পাশে তার দুই বিঘা জমিতে ধানের আবাদ রয়েছে। খননের সময় পাড়ের মাটি ভালোভাবে শক্ত করা এবং দুই পাশে গাছের পাশাপাশি ঘাস লাগানো হলে ভাঙন ঠেকানো সম্ভব হতো। কিন্তু এসব ব্যবস্থা নেওয়া হয়নি।
প্রকল্পের সভাপতি ও আদারভিটা ইউনিয়ন পরিষদের সদস্য রকিবুল হাসান রকি বলেন, খালটির ইতিহাস সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ের। বর্তমান সরকারের উদ্যোগে এটি পুনঃখনন করা হয়েছে। দুই পাশে পাঁচ ফুট রাস্তা নির্মাণ করা হয়েছিল। তবে ভারী বৃষ্টির কারণে কিছু অংশ ধসে গেছে। বালুমাটির কারণে খালের প্রায় ৫০ শতাংশ পাড় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং লাগানো কিছু গাছও পড়ে গেছে। তার দাবি, খাল পুনঃখননের ফলে এলাকার মানুষ উপকৃত হয়েছেন। প্রকল্পের অধিকাংশ কাজ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন করেছেন বলেও তিনি উল্লেখ করেন।
তবে মিজানুর রহমান রতন বলেন, কাজটি করেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় ও ইউনিয়ন পরিষদ। সংসদ সদস্যের নির্দেশে তিনি শুধু কাজের তদারকি করেছেন। প্রকল্প বাস্তবায়নে তার সরাসরি কাজ করার সুযোগ ছিল না।
কাজের মান নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, এটি নতুন খাল খনন নয়, আগে থেকে থাকা খালটি পুনঃখনন করা হয়েছে। পানি প্রবাহ সচল রাখাই ছিল প্রকল্পের উদ্দেশ্য। এলাকাটি বালুমাটির হওয়ায় অতিবৃষ্টিতে পাড়ের মাটি ধসে গেছে। খালের পাড়ে গাছ লাগানো হয়েছিল, তবে কিছু গাছ পড়ে গেছে। তার দাবি, রাস্তার কারণে খালপাড় ভাঙেনি, অতিবৃষ্টির কারণেই এ পরিস্থিতি হয়েছে। শীত মৌসুমে মেরামতের বরাদ্দ পাওয়া গেলে ক্ষতিগ্রস্ত পাড় সংস্কার করা হবে।
ইউএনও আরও জানান, প্রকল্পের অব্যয়িত ৬৩ লাখ ৯৪ হাজার ৩৪৯ টাকা সরকারি কোষাগারে ফেরত পাঠানো হয়েছে। ধান কাটার মৌসুমে শ্রমিক সংকটের কারণে বরাদ্দের পুরো অর্থ ব্যয় করা সম্ভব হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।