আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ বাড়াতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ‘অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স’ নামে নতুন একটি কার্যালয় চালু করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট কক্ষে আয়োজিত অনুষ্ঠানে কার্যালয়টির উদ্বোধন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. আসলাম হোসেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, আন্তর্জাতিক পরিসরে উচ্চশিক্ষা ও গবেষণার মান বাড়াতে বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগ এবং একাডেমিক সহযোগিতা গুরুত্বপূর্ণ। নতুন এই কার্যালয়ের মাধ্যমে বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি, আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি এবং দেশীয় শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ সহজ হবে।
তারা আরও বলেন, এ কার্যালয়ের কার্যক্রমের ফলে শিক্ষক-শিক্ষার্থীরা আন্তর্জাতিক বৃত্তি, শিক্ষার্থী বিনিময় কর্মসূচি এবং যৌথ গবেষণায় অংশ নেওয়ার নতুন সুযোগ পাবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার কার্যক্রম আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি লাভ করবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরসহ বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।