ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ছয়টি গ্রাম নিয়ে নতুন ইউনিয়ন গঠনের সিদ্ধান্তের প্রতিবাদে কয়েক ঘণ্টা ধরে চলা সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি স্থগিত করেছেন স্থানীয় বাসিন্দারা। জেলা বিএনপি নেতাদের সঙ্গে আলোচনার পর রবিবার (৮ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। এরপর ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল আবার শুরু হয়।
রবিবার সকাল সোয়া ৭টার দিকে সদর উপজেলার কোড্ডা এলাকায় অবরোধ শুরু করেন বাসুদেব ইউনিয়নের বাসিন্দারা। এতে সড়ক ও রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনে আটকা পড়ে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটগামী অন্তত সাতটি আন্তঃনগর ট্রেন। ফলে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
স্থানীয়দের আপত্তির কারণ, বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম আলাদা করে বরিশল নামে নতুন ইউনিয়ন গঠন। চান্দি, কোড্ডা, শ্যামনগর, কোড়াবাড়ি, বৈষ্ণবপুর ও বরিশল গ্রাম নিয়ে নতুন প্রশাসনিক ইউনিট তৈরির সিদ্ধান্তের বিরোধিতা করছেন বাসিন্দারা। নতুন ইউনিয়ন গঠনের প্রস্তাবের সঙ্গে জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার নাম যুক্ত রয়েছে।
আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে ঘটনাস্থলে যান জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ। তিনি আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের আশ্বাস দেন। পরে আন্দোলনকারীরা ৭২ ঘণ্টার জন্য কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।
আন্দোলনের নেতৃত্বে থাকা বাসুদেব ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম নয়ন জানান, নতুন ইউনিয়নের অন্তর্ভুক্ত হতে রাজি নন তারা। দাবি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনায় বসার পরিকল্পনাও রয়েছে তাদের। তিন দিনের মধ্যে দাবি পূরণে অগ্রগতি না হলে পুনরায় অবরোধের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, আন্দোলনকারীদের পাঁচজন প্রতিনিধিকে নিয়ে জেলা প্রশাসক, প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতিতে আলোচনার উদ্যোগ নেওয়া হবে। তাদের মতামত ও আবেগ বিবেচনায় নিয়ে গ্রহণযোগ্য সমাধান খোঁজার চেষ্টা করা হবে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আলম জানান, ছয়টি গ্রাম পৃথক করার সিদ্ধান্তের প্রতিবাদে স্থানীয়রা সড়ক ও রেলপথ অবরোধ করেছিলেন। প্রশাসনের পক্ষ থেকে সমাধানের আশ্বাস পাওয়ার পর তাঁরা কর্মসূচি প্রত্যাহার করেছেন।



