রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ নভেম্বর থেকে ভর্তি আবেদন শুরু হয়ে চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। একই সঙ্গে ভর্তি পরীক্ষার সময়সূচিও চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
উপাচার্য জানান, আগামী ১২ ফেব্রুয়ারি 'বি' ইউনিট (বাণিজ্য), ১৩ ফেব্রুয়ারি 'সি' ইউনিট (বিজ্ঞান) এবং ২০ ফেব্রুয়ারি 'এ' ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ফল প্রকাশের পর আবেদনের সুযোগ দেওয়া হবে। এ জন্য নতুন করে ৫ থেকে ৭ দিন সময় নির্ধারণ করা হবে।
ভর্তির যোগ্যতার বিষয়ে উপাচার্য বলেন, মানবিক ও বাণিজ্য বিভাগের আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩ থাকতে হবে। দুই পরীক্ষায় মোট জিপিএ হতে হবে কমপক্ষে ৬.৫০। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং মোট জিপিএ কমপক্ষে ৭.৫০ থাকতে হবে।
এর আগে গত ১৬ আগস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ২০২৭ সালের ৮, ৯ ও ১৬ জানুয়ারি নির্ধারণের কথা জানিয়েছিল। পরবর্তী সময়ে সেই সূচি পরিবর্তন করে নতুন তারিখ ঘোষণা করা হলো।