রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাসামগ্রী কেনাকাটায় অনিয়মের অভিযোগ সামনে এসেছে। ফুজি ব্র্যান্ডের নামে নকল এক্স-রে ফিল্ম এবং দরপত্রে উল্লেখিত ব্র্যান্ডের বাইরে নিম্নমানের ভ্যাকুটেইনার টিউব সরবরাহের অভিযোগ উঠেছে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সরবরাহ করা এসব পণ্য হাসপাতালে গ্রহণ ও ব্যবহারের পাশাপাশি ঠিকাদারদের বিল পরিশোধের প্রক্রিয়াও চলছে বলে জানা গেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর ঠিকাদার মতিউর রহমানকে ফুজি ব্র্যান্ডের ১০ বাই ১৪ ইঞ্চি মাপের ২০০ প্যাকেট এবং ১৪ বাই ১৭ ইঞ্চি মাপের ৮৫ প্যাকেট এক্স-রে ফিল্ম সরবরাহের দায়িত্ব দেওয়া হয়। ১০ অক্টোবর পণ্য সরবরাহের পর তিনি ৭২ লাখ ৫০ হাজার টাকার বিল জমা দেন।
তবে ফিল্মগুলো আসল ফুজি ব্র্যান্ডের নয় বলে দাবি করেছে প্রতিষ্ঠানটির বাংলাদেশি পরিবেশক মেডি গ্রাফিক ট্রেডিং লিমিটেড। তাদের কর্মকর্তারা হাসপাতালে সরবরাহ করা পণ্য পরীক্ষা করে এমন অভিযোগ তুলেছেন। প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজার রিফাত হাসানের ভাষ্য, বাংলাদেশে ফুজি ফিল্ম আমদানির একমাত্র অনুমোদিত মাধ্যম তাদের প্রতিষ্ঠান। অথচ রামেক হাসপাতালে দেওয়া ফিল্মের সঙ্গে তাদের সরবরাহের কোনো সম্পর্ক নেই।
রিফাত হাসান জানান, আন্তর্জাতিক বাজারে ফুজির নাম ও মোড়ক ব্যবহার করে নকল ফিল্ম তৈরি হচ্ছে। এসব পণ্য আসল ফিল্মের চেয়ে প্রায় ৪০ শতাংশ কম দামে বিক্রি হয়। এগুলো ব্যবহার করলে এক্স-রে ছবির মান খারাপ হতে পারে, ছবি দ্রুত নষ্ট হওয়ার পাশাপাশি যন্ত্রপাতির ক্ষতির ঝুঁকিও রয়েছে।
অভিযোগ অস্বীকার করে ঠিকাদার মতিউর রহমান বলেছেন, ফিল্ম নকল হওয়ার প্রশ্ন নেই। প্রয়োজন হলে হাসপাতাল কর্তৃপক্ষ নমুনা ঢাকায় পাঠিয়ে পরীক্ষা করতে পারে। তবে অনুমোদিত পরিবেশকের কাছ থেকে পণ্য সংগ্রহ না করার কারণ সম্পর্কে তিনি স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি।
একই হাসপাতালে রক্তের নমুনা সংগ্রহের টিউব কেনাকাটায়ও নিয়ম ভাঙার অভিযোগ পাওয়া গেছে। গেটওয়ে ইন্টারন্যাশনাল নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে আড়াই লাখ ভ্যাকুটেইনার টিউব সরবরাহের কার্যাদেশ দেওয়া হয়েছিল। শর্ত অনুযায়ী জেএমআই অথবা এনসিসি ব্র্যান্ডের পণ্য দেওয়ার কথা থাকলেও প্রতিষ্ঠানটি জিআর ব্র্যান্ডের ১ লাখ ৪০ হাজার টিউব সরবরাহ করে। এর মধ্যে লাল ও বেগুনি রঙের টিউব রয়েছে ৭০ হাজার করে। এ সরবরাহের বিপরীতে ২০ লাখ টাকার বিলও জমা দেওয়া হয়েছে।
হাসপাতাল সূত্রের দাবি, নির্ধারিত দুই ব্র্যান্ডের তুলনায় জিআর টিউবের দাম প্রায় ৩০ শতাংশ কম। গেটওয়ে ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী সোহেল রানা অবশ্য জানিয়েছেন, জেএমআইয়ের কাছে পর্যাপ্ত পণ্য না থাকায় এবং হাসপাতালের জরুরি চাহিদা মেটাতে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই বিকল্প ব্র্যান্ড সরবরাহ করা হয়। পরে জেএমআইয়ের টিউবও দেওয়া হয়েছে বলে দাবি তার।
এসব পণ্য কেনার দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতি ছিলেন হাসপাতালের উপপরিচালক ডা. হাসানুল হাবিব। কমিটির সদস্য ছিলেন সহকারী পরিচালক (অর্থ) ডা. গোলাম রব্বানী। অভিযোগ উঠেছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমঝোতার মাধ্যমেই শর্তের ব্যত্যয় ঘটিয়ে পণ্য সরবরাহের সুযোগ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো।
ফুজি ফিল্মের ক্ষেত্রে অনুমোদিত পরিবেশকের প্রয়োজনীয় কাগজপত্র থাকার বাধ্যবাধকতা থাকলেও তা ছাড়াই কার্যাদেশ দেওয়ার অভিযোগ রয়েছে। অন্যদিকে জিআর ব্র্যান্ডের টিউব গ্রহণের বিষয়ে জরুরি প্রয়োজনের যুক্তি দেখিয়ে সম্মতি দিয়েছিলেন প্যাথলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. সাবেরা খাতুন।
দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতি ডা. হাসানুল হাবিবের বক্তব্য, নিয়ম মেনেই টেন্ডারের মাধ্যমে পণ্য কেনা হয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করেই সেগুলো গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে তিনি হাসপাতালের পরিচালক বা মুখপাত্রের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।
তবে অভিযোগের বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ-উল-ইসলাম এবং মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদের বক্তব্য পাওয়া যায়নি। কয়েক দফা ফোন করেও মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে চিকিৎসাসামগ্রী সরবরাহে ওঠা অভিযোগ এবং পণ্যগুলোর মান নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক অবস্থান এখনো স্পষ্ট হয়নি।