ঝালকাঠির নলছিটিতে পুলিশের হেফাজত থেকে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের সদস্যদের ওপর হামলা এবং একটি সরকারি পিকআপ ভাঙচুর করা হয়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
রবিবার দুপুর ১টার দিকে উপজেলার দপদপিয়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেওয়া ব্যক্তি মো. সিরাজ মোল্লা। তিনি দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য।
পুলিশ জানায়, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে একটি দল ফেরিঘাট এলাকা থেকে সিরাজ মোল্লাকে আটক করে। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর তিন ভাইসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে জড়ো হন। একপর্যায়ে তারা পুলিশের ওপর চড়াও হয়ে সিরাজকে নিজেদের সঙ্গে নিয়ে যান। এ সময় পুলিশের পিকআপ ভ্যানেও ভাঙচুর চালানো হয়। হামলায় আহত পুলিশ সদস্যদের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
ওসি তৌহিদুজ্জামান সোহাগ জানান, সিরাজ মোল্লাকে উদ্ধার এবং হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।