ঝিনাইদহে পরিবহনের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ৪২০ বস্তা টিএসপি সারবোঝাই একটি ট্রাক আটক করেছেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ট্রাকটি নিজেদের হেফাজতে নেন। তবে ট্রাকের চালক ও সহকারীকে পাওয়া যায়নি।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ক্যাডেট কলেজ এলাকায় ট্রাকটি আটক করা হয়। ট্রাকের নম্বর রাজবাড়ী-ট-১১-০১৪১। এতে যশোরের নওয়াপাড়া থেকে কুষ্টিয়ায় নেওয়ার উদ্দেশ্যে ৪২০ বস্তা টিএসপি সার বোঝাই ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটি ক্যাডেট কলেজ এলাকায় পৌঁছালে লোকজন থামিয়ে পরিবহনের কাগজপত্র দেখতে চান। চালক নওয়াপাড়া থেকে কুষ্টিয়ায় সার নেওয়ার কথা জানালেও কোনো মেমো বা চালান দেখাতে পারেননি। পরে স্থানীয়রা সংশ্লিষ্ট শ্রমিক সংগঠনের নেতা ও রাজনৈতিক ব্যক্তিদের খবর দেন। তাদের মাধ্যমে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে।
ঝিনাইদহ জেলা যুবদল নেতা সাজ্জাদুল হক মিলন জানান, সারের চালানপত্র দেখতে চাওয়া হলেও চালক তা দেখাতে পারেননি। বিষয়টি সদর থানার ওসি ও পুলিশ সুপারকে জানানো হয়েছে। সার পাচার ও অবৈধ কেনাবেচার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
জেলা ট্রাক মালিক সমিতির সদস্য সাজেদুর রহমান মিলনও ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামান বলেন, ট্রাক আটকের খবর তিনি পেয়েছেন। প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখছেন। বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ বিল্লাল হোসেন জানান, সারের কাগজপত্র যাচাই করতে ইউএনও ও কৃষি কর্মকর্তাকে বলা হয়েছে। সার অবৈধভাবে পরিবহন করা হচ্ছিল বলে প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।