২০২৭ সালের নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার প্রস্তুতি হিসেবে যশোরে বই সরবরাহ শুরু হয়েছে। এ পর্যন্ত জেলার চাহিদার প্রায় অর্ধেক বই এসে পৌঁছেছে।
জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, যশোরে মাধ্যমিক স্তরের ৩ লাখ ২২ হাজার ৬৭৫ জন শিক্ষার্থীর জন্য ৩৭ লাখ ২২ হাজার ৩৮১টি বইয়ের চাহিদা রয়েছে। এর বিপরীতে এখন পর্যন্ত পাওয়া গেছে ১৬ লাখ ৮৪ হাজার ৬১০টি বই। বাকি রয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৭৭১টি। জেলায় বই প্রাপ্তির হার ৪৫ দশমিক ২৬ শতাংশ।
উপজেলাভিত্তিক হিসাবে, যশোর সদরে ১০ লাখ ৪ হাজার ৪০০টি বইয়ের চাহিদার বিপরীতে এসেছে ৫ লাখ ১ হাজার ৯০০টি। অভয়নগরে ৩ লাখ ৭৩ হাজারের মধ্যে ১ লাখ ৩৬ হাজার ৫০টি, মণিরামপুরে ৫ লাখ ৪৯ হাজার ৬৬০টির মধ্যে ২ লাখ ১৫ হাজার ৪০০টি এবং ঝিকরগাছায় ৩ লাখ ২৫ হাজার ১৫৫টির মধ্যে ১ লাখ ৭৫ হাজার ৩১০টি বই পৌঁছেছে।
এ ছাড়া শার্শায় ৩ লাখ ৪০ হাজার ৯৮১টির মধ্যে ১ লাখ ১৩ হাজার ৭০টি, কেশবপুরে ৩ লাখ ৩৭ হাজার ৭৫০টির মধ্যে ১ লাখ ৯০ হাজার ৯০০টি, বাঘারপাড়ায় ২ লাখ ৭৪ হাজার ২৬০টির মধ্যে ১ লাখ ৪৮ হাজার ৯৮০টি এবং চৌগাছায় ৪ লাখ ৭ হাজার ৮২০টির মধ্যে ১ লাখ ৯৮ হাজার ৬০০টি বই এসেছে।
জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন জানান, প্রতিদিনই নতুন বই আসছে। পাওয়া বই দ্রুত সংশ্লিষ্ট বিদ্যালয় ও মাদ্রাসায় পাঠানো হচ্ছে। নির্ধারিত সময়ের আগেই সব বই পাওয়া যাবে এবং শিক্ষাবর্ষের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।