রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোসা. বুলু (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
নিহত বুলু রাজশাহী মহানগরীর দরগাপাড়া এলাকার বাসিন্দা। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ডা. শামীম আহমেদ জানান, ডেঙ্গু হেমোরেজিক ফিভারে (ডিএইচএফ) আক্রান্ত বুলুকে গত ৯ নভেম্বর বেলা সাড়ে ৩টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় ভর্তির পরদিনই তাঁর মৃত্যু হয়।
হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১৭৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।