কুষ্টিয়া সরকারি কলেজে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্য আহত হওয়ার ঘটনায় বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।
বুধবার (১১ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ প্রশ্ন তোলেন। পোস্টে আমির হামজা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার নির্বাচনী হলফনামা ও নির্বাচনী ব্যয় নিয়ে বেশি চিন্তিত। অথচ কুষ্টিয়া সরকারি কলেজে ডিবি পুলিশের ওপর হামলার ঘটনায় তার কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে না।
আমির হামজা তার পোস্টে উল্লেখ করেন, গণমাধ্যমের বিভিন্ন সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় ছাত্রদলের একাংশের হামলার শিকার হন ডিবি পুলিশের সদস্যরা। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
তিনি বলেন, প্রশাসনের কর্মকর্তাদের ওপর এ ধরনের হামলা আইনের শাসনের জন্য হুমকিস্বরূপ। মাদকবিরোধী অভিযানে বাধা দেওয়া কিংবা পুলিশ সদস্যদের ওপর হামলা ছাত্ররাজনীতির অংশ হতে পারে না। এ ধরনের কর্মকাণ্ডকে তিনি সন্ত্রাসী কার্যক্রম হিসেবে উল্লেখ করেন।
বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের উদ্দেশে আমির হামজা প্রশ্ন রাখেন, নিজ দলের ছাত্রদলের বিরুদ্ধে ওঠা হামলার অভিযোগের বিষয়ে তিনি কী পদক্ষেপ নিয়েছেন? ঘটনার নিন্দা জানিয়েছেন কি না এবং অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা কুষ্টিয়াবাসী জানতে চায়।
তিনি আরও বলেন, কুষ্টিয়ার মতো সাংস্কৃতিক ঐতিহ্যসমৃদ্ধ জেলায় কোনো অপকর্ম বা আইনবিরোধী কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। আইনের শাসন প্রতিষ্ঠায় প্রশাসনের পাশে কুষ্টিয়ার মানুষ ছিল, আছে এবং থাকবে। প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করা হবে বলেও জানান তিনি।
এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হন ডিবি পুলিশের তিন সদস্য। আহতরা হলেন এসআই জনি, এসআই জিহাদ ও কনস্টেবল ইমরান।
এ ঘটনায় কয়েকটি গণমাধ্যমে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ প্রকাশিত হয়েছে। তবে হামলার সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের সংশ্লিষ্টতার বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি।