সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ, সংগঠনের সিদ্ধান্ত অমান্য এবং শ্রমিক কল্যাণ তহবিলের অর্থ আত্মসাতের চেষ্টার অভিযোগে জামালপুর জেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন-৩৬৪০-এর পাঁচ সদস্যের সদস্যপদ বাতিল করা হয়েছে। গত ৩ নভেম্বর সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ৫ নভেম্বর পৃথক চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট সদস্যদের বিষয়টি জানানো হয়েছে।
সদস্যপদ বাতিল হওয়া ব্যক্তিরা হলেন মো. রঞ্জু মিয়া, মো. মজলু মিয়া, মো. জুলহাস আলী, মো. শফিকুল ইসলাম ও মো. শাহিন মিয়া। তারা সবাই জামালপুর জেলা ট্রাক, মিনিট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সদস্য ছিলেন। খোঁজ নিয়ে জানা গেছে, সদস্যপদ বাতিল হওয়া এই পাঁচজন বর্তমানে সরিষাবাড়ীর তারাকান্দি নিয়ন্ত্রণ অফিস পরিচালনা করছেন।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, গত ১৪ জুলাই সংশ্লিষ্ট সদস্যদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালনের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তারা সংগঠনের সিদ্ধান্ত অমান্য করে অসাংগঠনিক কার্যক্রম চালিয়ে যান। এতে সংগঠনের শৃঙ্খলা ও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
এ ছাড়া সংগঠনের সিদ্ধান্ত উপেক্ষা করে শ্রমিক কল্যাণ তহবিলের অর্থ আত্মসাতের চেষ্টা করার অভিযোগও আনা হয়েছে তাদের বিরুদ্ধে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৩ নভেম্বর অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় সংগঠনের গঠনতন্ত্রের ৬ নম্বর অনুচ্ছেদের ক ও খ ধারা অনুযায়ী পাঁচজনের সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত হয়।
চিঠিতে আরও সতর্ক করা হয়েছে, ভবিষ্যতে সংগঠনের সিদ্ধান্তবিরোধী কর্মকাণ্ডে কেউ জড়িত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সদস্যপদ বাতিল হওয়া মো. রঞ্জু মিয়া মুঠোফোনে বলেন, তিনি চিঠি পেয়েছেন। অন্যায়ভাবে তার সদস্যপদ বাতিল করা হয়েছে। এ বিষয়ে তিনি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবেন।
জামালপুর ট্রাক ড্রাইভার শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি আব্দুল মোতালেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।