চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাসেল হোসেন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কে সন্তোষপুর ইকোপার্কের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের মাদ্রাসাপাড়ার বাসিন্দা ইলিয়াস হোসেনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে ওই সড়কের ইকোপার্ক সংলগ্ন একটি খাদে রাসেলের মরদেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা। এ সময় পাশে নীল রঙের একটি বাজাজ আরটিআর মোটরসাইকেল দুমড়েমুচড়ে পড়ে ছিল। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেওয়া হয়।
নিহতের বাবা ইলিয়াস হোসেন জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে মোটরসাইকেলে তেল নেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন রাসেল। এরপর আর ফেরেননি। রাতে একাধিকবার ফোন করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। সকালে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলের মরদেহ দেখতে পান।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।




