নোয়াখালীর বেগমগঞ্জে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম মনা (২১) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাকে রক্ষা করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তার ভগ্নিপতি মো. মামুন (৩৮)। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর তিনজনকে আটক করেছে পুলিশ।
রবিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কড়ইতলা গ্রামের নাদু মুহুরী বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। নিহত মনা ওই এলাকার আব্দুল খালেক বুলুর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সীমানা ও জমির মালিকানা নিয়ে বুলু ও আবুল কাশেমের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন রাত ৮টার দিকে বুলুর পরিবারের স্থাপন করা সীমানা পিলার ভেঙে ফেলা হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে তর্কাতর্কি এবং পরে হাতাহাতি হয়। স্থানীয়দের হস্তক্ষেপে তখন পরিস্থিতি শান্ত হয়।
অভিযোগ অনুযায়ী, রাত সাড়ে ১১টার দিকে আবুল কাশেমের ছেলে আরমান ও ফুয়াদসহ কয়েকজন মনার ওপর হামলা করেন। এ সময় তাকে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়। তার চিৎকার শুনে ভগ্নিপতি মামুন এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়।
পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক মনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মামুনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ঢাকায় পাঠানো হয়।
এদিকে হামলার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন অভিযুক্ত পরিবারের বাড়িতে হামলা চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় আবুল কাশেমের স্ত্রী, মেয়ে ও এক চাচাতো ভাইকে আটক করা হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।