রংপুরে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করা এবং সমান সুযোগ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের ওপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে ‘নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে প্রতিবন্ধকতা দূরীকরণ ও সমান সুযোগ নিশ্চিতকরণে সম্মিলিত উদ্যোগ’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। পারিবারিক আয় উন্নয়ন মহিলা সংস্থা-ফিডার নির্বাহী পরিচালক ফিরোজা বেগম এতে সভাপতিত্ব করেন।
কর্মশালায় বক্তব্য দেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক জিলুফা সুলতানা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালোয়ারা বেগম, ব্যাংক কর্মকর্তা সাফিউল আলম, ফিডার কর্মকর্তা জেডএফএম ফিরোজ পাশা, শমসেয়ারা বিলকিস, এএসএম আতিকুর রহমান সিদ্দিক, আরডিআরএস কর্মকর্তা জিয়াউর রহমান, ব্র্যাক কর্মকর্তা জাহেদুল ইসলামসহ অন্যরা।
কর্মশালায় নারীর অর্থনৈতিক উন্নয়নে বিদ্যমান সুযোগ ও প্রতিবন্ধকতা চিহ্নিত করা, নারী নেতৃত্বাধীন সংগঠনগুলোর অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিনিময় এবং ভবিষ্যৎ উদ্যোগ নির্ধারণের বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া বাজারে নারীদের সীমিত প্রবেশাধিকার, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বাড়ানোর সুযোগের স্বল্পতা এবং ঋণপ্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান বাধা দূর করার বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে সরকার সহজ শর্তে ঋণ, প্রশিক্ষণসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়িয়েছে। এসব সুযোগ কাজে লাগাতে নারীদের সাহস ও দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে আসতে হবে। তাহলেই তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা সম্ভব হবে।
তারা আরও বলেন, নারীদের অগ্রযাত্রায় যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো দূর করতে উদ্যোক্তাদের একে অপরের সঙ্গে অভিজ্ঞতা ও পরামর্শ বিনিময় করতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে নারীদের এগিয়ে নেওয়ার পথ আরও সুগম করা সম্ভব।
সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় ফিডার ‘সোচ্চার’ প্রকল্পের আয়োজনে কর্মশালায় রংপুর বিভাগের আট জেলা থেকে আসা ২০টি নারী উদ্যোক্তা সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।