রাঙ্গামাটির কাপ্তাইয়ে লোকালয় থেকে উদ্ধার করা বিশাল আকৃতির একটি অজগর সাপ নিরাপদে বনে ফিরিয়ে দেওয়া হয়েছে। ১২ ফুট দৈর্ঘ্যের এবং ১৫ কেজি ওজনের সাপটি সোমবার দুপুরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম ও পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক ইমরুল কায়েসের উপস্থিতিতে বেলা সাড়ে ১২টার দিকে এ কার্যক্রম সম্পন্ন হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রবিবার রাতে কাপ্তাই উপজেলার বড়ইছড়ি মারমা পাড়া ছাত্রাবাস এলাকা থেকে অজগরটি উদ্ধার করা হয়। পরে উপজেলা প্রশাসন, বন বিভাগ ও স্থানীয় রেসকিউ টিমের যৌথ উদ্যোগে সাপটিকে প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়।
অবমুক্তকরণ কার্যক্রমে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক খোরশেদুল আলম কাদেরী, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খান মোহাম্মদ আনোয়ারসহ বন বিভাগ ও রেসকিউ টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।