প্রিন্টিং মেশিন আমদানির ঘোষণা দিয়ে আনা কনটেইনারে মিলেছে বিপুল পরিমাণ প্রসাধনী সামগ্রী ও ৪০ লাখ ৮০ হাজার পিস জাল সিগারেটের স্ট্যাম্প। এসব পণ্য আমদানির মাধ্যমে প্রায় ৪৬ কোটি টাকার রাজস্ব ফাঁকির অপচেষ্টা নস্যাৎ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) ও চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর শাখা।
এনবিআর ও চট্টগ্রাম কাস্টম হাউসের যৌথ অভিযানে গত ৫ নভেম্বর কনটেইনারটি পরীক্ষা করে এসব পণ্য উদ্ধার করা হয়। ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত China Mart নামের একটি প্রতিষ্ঠান চালানটি আমদানি করে। গত ৯ আগস্ট চট্টগ্রাম বন্দরে পৌঁছানো চালানটিতে পণ্য হিসেবে 'প্রিন্টিং মেশিন' ঘোষণা দেওয়া হয়েছিল। তবে কনটেইনারে ঘোষিত কোনো প্রিন্টিং মেশিন পাওয়া যায়নি।
কাস্টমস কর্মকর্তারা জানান, চালানটিতে পাওয়া ৪০ লাখ ৮০ হাজার পিস জাল সিগারেটের স্ট্যাম্প নিম্নস্তরের ২০ শলাকার সিগারেটের প্যাকেটে ব্যবহারের উপযোগী। দেশে এ ধরনের একটি সিগারেটের প্যাকেটের নির্ধারিত খুচরা মূল্য ১৩০ টাকা। এর বিপরীতে সরকার রাজস্ব পায় ১০৬ টাকা ৬০ পয়সা। উদ্ধার করা স্ট্যাম্প ব্যবহার করে অবৈধভাবে সিগারেট উৎপাদন ও বাজারজাত করা হলে সরকারের প্রায় ৪৩ কোটি ৫০ লাখ টাকার রাজস্ব ক্ষতি হতে পারত।
এ ছাড়া কনটেইনারে পাওয়া প্রসাধনী সামগ্রীর বিপরীতে আনুমানিক ২ কোটি ৫০ লাখ টাকার রাজস্ব ফাঁকির বিষয়টি প্রাথমিকভাবে নিরূপণ করা হয়েছে। সব মিলিয়ে চালানটিতে প্রায় ৪৬ কোটি টাকার রাজস্ব ঝুঁকি চিহ্নিত হয়েছে।
কাস্টমস সূত্র জানায়, জাল সিগারেটের স্ট্যাম্প ব্যবহার করে অবৈধভাবে সিগারেট উৎপাদন ও বাজারজাত করা হলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারায়। পাশাপাশি বৈধ তামাকজাত পণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো অসম প্রতিযোগিতার মুখে পড়ে। এতে দেশের রাজস্ব ব্যবস্থা ও বৈধ বাণিজ্যিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে এনবিআর। আমদানি-রপ্তানি বাণিজ্যে পণ্যের ভুল ঘোষণা, শুল্ক-কর ফাঁকি ও অবৈধ পণ্য বাজারজাতকরণ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখার কথাও জানিয়েছে সংস্থাটি।