চট্টগ্রামের কর্ণফুলী চ্যানেল ব্যবহার করে মিয়ানমারে সিমেন্ট পাচারের একটি চেষ্টা প্রতিহত করেছে কোস্ট গার্ড। এ অভিযানে ৭০ টন সিমেন্টবোঝাই একটি কার্গো বোট জব্দ করা হয়েছে। একই সঙ্গে বোটে থাকা পাঁচজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৭টার দিকে পতেঙ্গার ১৮ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি করে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৭০ হাজার কেজি সিমেন্ট উদ্ধার করা হয়। এ সময় বোটে অবস্থানরত পাঁচজনকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৮০ হাজার টাকা। উদ্ধার করা সিমেন্ট, কার্গো বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।