রোহিঙ্গা শরণার্থীদের মানবিক পরিস্থিতি এবং নারী ও শিশুদের জন্য পরিচালিত সহায়তা কার্যক্রম দেখতে কক্সবাজারের উখিয়ার একাধিক ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরা সোফি হেলেন রাইস-জোনস। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।
সফরকালে তিনি উখিয়ার ৪, ৫, ১৮ ও ২০ নম্বর বর্ধিত রোহিঙ্গা ক্যাম্পে যান। সেখানে শরণার্থীদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, খাদ্যনিরাপত্তা ও জীবনযাত্রার বিষয়ে খোঁজ নেন। বিশেষ করে নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পরিচালিত উদ্যোগগুলো সম্পর্কে অবহিত হন।
সকালে ১৮ নম্বর ক্যাম্পের একটি ব্লকে বেসরকারি উন্নয়ন সংস্থা কোডেক পরিচালিত লার্নিং সেন্টার পরিদর্শন করেন ডাচেস সোফি। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পড়াশোনার বিষয়ে জানতে চান।
পরে তিনি আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বিভিন্ন কার্যক্রম, নারীদের বহুমুখী কেন্দ্র, সাবান তৈরির কারখানা, নারী বাজার এবং প্রতিবন্ধী নারী ও শিশুদের সহায়তা কার্যক্রম ঘুরে দেখেন।
ডাচেসের সফর উপলক্ষে ক্যাম্পের ভেতরে ও বাইরে নিরাপত্তা জোরদার করা হয়। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক সিরাজ আমিন জানান, ক্যাম্পের অভ্যন্তরে এপিবিএন সদস্যরা এবং বাইরে পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করে। সফর নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন, ডাচেস অব এডিনবরার সফরকে কেন্দ্র করে ক্যাম্পগুলোতে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।
দিনভর কর্মসূচি শেষে বিকেলে ক্যাম্প ত্যাগ করে কক্সবাজারের উদ্দেশে রওনা হন ডাচেস সোফি। তার সফরকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ডাচেস সোফি ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত তিন দিনের সফরে বাংলাদেশে রয়েছেন। সফরে নারীর ক্ষমতায়ন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের অংশীদারত্ব এবং রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।
সোমবার (৯ নভেম্বর) ঢাকায় পৌঁছে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিআইপিএসওটি) পরিদর্শন করেন। সেখানে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান এবং শান্তি ও নিরাপত্তায় নারীদের অংশগ্রহণ নিয়ে মতবিনিময় করেন। একই দিন বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) নারী হকি খেলোয়াড় ও তরুণ অ্যাথলেটদের সঙ্গেও সাক্ষাৎ করেন।
ঢাকায় অবস্থানকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ডাচেস সোফি। তাঁদের আলোচনায় নারী ও কন্যাশিশুদের কল্যাণ, সুরক্ষা এবং ক্ষমতায়নের বিষয় উঠে আসে।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রোহিঙ্গা ক্যাম্পে নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা, শিক্ষা ও মানবিক সহায়তায় দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা কাজ করছে। সফরকালে ডাচেস এসব কার্যক্রম সরেজমিনে দেখেন।
এ ছাড়া ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেও অংশ নেন তিনি। সেখানে শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় ও নারী ক্ষমতায়নে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) আমন্ত্রণে বাংলাদেশ সফর করছেন ডাচেস সোফি। এর আগে ২০১৭ সালেও তিনি বাংলাদেশে এসেছিলেন।