কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিকাশ ও রকেটের এজেন্ট ব্যবসায়ী নুর মোহাম্মদের ওপর হামলা চালিয়ে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। অভিযানে ছিনতাই হওয়া একটি অ্যান্ড্রয়েড ফোনও উদ্ধার করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকালে ভূরুঙ্গামারী থানা পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে। এর আগে শনিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার কামাত আঙ্গারিয়া গ্রামের শরিফুল আলম সোহাগ (৩৫) ও নলেয়া গ্রামের সোহেল রানা স্বপন (৩৬)।
পুলিশ জানায়, গত ১৯ অক্টোবর রাতে দোকানের কাজ শেষ করে বাড়ি ফেরার সময় দক্ষিণ দেওয়ানের খামার এলাকায় হামলার শিকার হন নুর মোহাম্মদ (৩৯)। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও হাঁটুতে আঘাত করে সঙ্গে থাকা নগদ টাকা ও মুঠোফোন নিয়ে যায়।
পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে বাড়ির সামনের সড়কে তাকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় দেখতে পান। স্থানীয়দের সহায়তায় তাকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও উপপরিদর্শক জাহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়। সহকারী পুলিশ সুপার জানান, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি ছিনিয়ে নেওয়া বাকি টাকা ও মালামাল উদ্ধারে পুলিশের অভিযান চলছে।