ঈশ্বরদী মহিলা কলেজের দুই প্রভাষকের শিক্ষক নিবন্ধন সনদ ভুয়া বলে প্রমাণিত হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) তথ্য যাচাই-বাছাই শেষে বিষয়টি নিশ্চিত করে অভিযুক্ত দুই শিক্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে।
গত মঙ্গলবার এনটিআরসিএর সহকারী পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) মো. সাইফুল ইসলামের সই করা পৃথক দুটি চিঠি কলেজ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ওই দুই শিক্ষকের দাখিল করা সনদ এনটিআরসিএর সংরক্ষিত মূল নথিপত্রের সঙ্গে মেলেনি।
সনদ জালিয়াতির প্রমাণ পাওয়া দুই শিক্ষক হলেন— ইতিহাস বিভাগের প্রভাষক মোছা. নীলুফা আক্তার বানু এবং ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের প্রভাষক মো. মিজানুর রহমান।
এনটিআরসিএ জানায়, নীলুফা আক্তার বানু ২০০৭ সালের তৃতীয় এবং মিজানুর রহমান ২০১০ সালের ষষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষার সনদ দাখিল করে চাকরি নিলেও সংস্থাটির কেন্দ্রীয় নথিতে সেগুলোর কোনো সত্যতা পাওয়া যায়নি। তারা জালিয়াতির মাধ্যমে তৈরি করা ভুয়া প্রত্যয়নপত্র ব্যবহার করে দীর্ঘ দিন ধরে চাকরি করে আসছেন। এই গুরুতর অনিয়মের ঘটনায় তাঁদের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ নিয়ে তা এনটিআরসিএকে অবহিত করতে বলা হয়েছে। একই সঙ্গে জনস্বার্থে চিঠি দুটি সংস্থাসমূহ ও দাপ্তরিক ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
এ বিষয়ে ঈশ্বরদী মহিলা কলেজের অধ্যক্ষ মো হামিদুর রহমান বলেন, ‘আমরা এনটিআরসিএর চিঠি হাতে পেয়েছি। সরকারি বিধি এবং এনটিআরসিএর নির্দেশনানুযায়ী অভিযুক্ত দুই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ও দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।’