গাজীপুরের কালিয়াকৈরে বেতন-ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে সড়কে অবস্থান নেন। সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া এ অবরোধ প্রতিবেদন লেখা পর্যন্ত চলছিল।
জানা গেছে, ন্যূনতম মজুরি দ্রুত কার্যকরসহ কয়েকটি দাবিতে প্রথমে একটি পোশাক কারখানার শ্রমিকেরা আন্দোলন শুরু করেন। একপর্যায়ে আশপাশের অন্যান্য কারখানার শ্রমিকেরাও তাদের সঙ্গে যোগ দেন। পরে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সকালে শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দিলেও শ্রমিকেরা আবারও সড়কে অবস্থান নিচ্ছেন। ঘটনাস্থলে বিজিবি, এসআরবি ও পুলিশ সদস্যরা রয়েছেন।