জামালপুরের মাদারগঞ্জে ২ কোটি ৩৭ লাখ টাকার বেশি ব্যয়ে সড়ক নির্মাণকাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়েছেন উপজেলা প্রকৌশলী। একই সঙ্গে নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
উপজেলার কড়ইচড়া ইউনিয়নের আনন্দ বাজার থেকে ভাংবাড়ী পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়ক নির্মাণে ২ কোটি ৩৭ লাখ ৪৫ হাজার ৫৮৭ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। এলজিইডির জামালপুর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে দরপত্র আহ্বান করা হলে কাজটি পায় রাজশাহীর বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড।
তবে কাজটি বাস্তবে স্থানীয় ঠিকাদার ফিরোজ ও বাবুল বাস্তবায়ন করছেন বলে জানিয়েছে উপজেলা এলজিইডি কার্যালয়।
স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, নির্মাণকাজে মানসম্মত ইটের খোয়ার পরিবর্তে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হচ্ছে। তাদের আশঙ্কা, এভাবে কাজ সম্পন্ন হলে অল্প সময়ের মধ্যেই সড়কটির বিভিন্ন স্থানে ভাঙন ও খানাখন্দ দেখা দিতে পারে। এত বড় প্রকল্প বাস্তবায়ন হলেও কাজের মান যাচাইয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত উপস্থিতি চোখে পড়ছে না বলেও অভিযোগ করেন তারা।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটির সাব-ঠিকাদার বাবুল ও ফিরোজের সঙ্গে কথা বলতে চাইলেও তারা মন্তব্য করতে রাজি হননি।
সড়ক নির্মাণকাজের দায়িত্বে থাকা এলজিইডির সার্ভেয়ার আব্দুল হাকিম প্রথমে কাজের বিষয়ে অবগত নন বলে জানান। পরে তিনি বলেন, ‘ওই সড়কের দায়িত্বে আমি আছি। আমাকে না জানিয়েই তারা কাজ করছেন। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’
মাদারগঞ্জ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জাহিদুল ইসলাম বলেন, আমি সড়কটি পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেয়েছি। নিম্নমানের নির্মাণসামগ্রী অপসারণের নির্দেশ দিয়েছি।




