ঝিনাইদহ জেলায় গত তিন মাসে আত্মহত্যা করেছেন ৯০ জন। তাদের মধ্যে ৬০ জন নারী এবং ৩০ জন পুরুষ। ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত জেলার ছয়টি উপজেলায় গলায় ফাঁস ও বিষপানে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, আত্মহত্যার ঘটনায় সবচেয়ে এগিয়ে ঝিনাইদহ সদর উপজেলা। এ উপজেলায় তিন মাসে ২৬ জন আত্মহত্যা করেছেন। তাদের মধ্যে নারী ২১ জন এবং পুরুষ পাঁচজন। দ্বিতীয় অবস্থানে থাকা শৈলকুপায় ২১ জনের মধ্যে নারী ১৪ জন ও পুরুষ সাতজন। তৃতীয় অবস্থানে মহেশপুরে আত্মহত্যা করেছেন ১৪ জন। এখানে নারী ও পুরুষের সংখ্যা সমান, সাতজন করে।
এ ছাড়া হরিণাকুণ্ডু উপজেলায় ১২ জনের মধ্যে নারী আটজন ও পুরুষ চারজন, কালীগঞ্জে ১১ জনের মধ্যে নারী ছয়জন ও পুরুষ পাঁচজন এবং কোটচাঁদপুরে ছয়জনের মধ্যে নারী চারজন ও পুরুষ দুজন আত্মহত্যা করেছেন।
মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা বলেন, মাদকাসক্তি, বেকারত্ব, মানসিক সমস্যা, পারিবারিক অশান্তি, প্রেমে ব্যর্থতা ও পরকীয়াসহ নানা কারণে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। নারীদের আবেগপ্রবণতাসহ বিভিন্ন সামাজিক ও পারিবারিক বিষয়ও এ ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। শিক্ষার হার কম এবং বাল্যবিয়ের প্রবণতাও আত্মহত্যার ঝুঁকি বাড়াতে পারে বলে তিনি মনে করেন।
স্থানীয় মানবাধিকার সংগঠন আরডিসির নির্বাহী প্রধান আব্দুর রহমান বলেন, আত্মহত্যা কোনো সমস্যার সমাধান নয়। এ প্রবণতা রোধে সরকারি-বেসরকারি সব সংস্থাকে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করতে হবে।
তিনি আত্মহত্যা প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।