চট্টগ্রামের ফটিকছড়িতে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন। ঘটনার পর সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করায় দীর্ঘ সময় যানবাহন চলাচল ব্যাহত হয়।
শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার হেঁয়াকো বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন যুবদল নেতা নাসির উদ্দিন বিপ্লব, তাঁর ভাতিজা রনি এবং যুবদলকর্মী ঘোষণা কবির।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে সিকদারখীল এলাকার একটি খাবার হোটেলে রাজনৈতিক বিষয় নিয়ে নাসির উদ্দিন বিপ্লব ও ঘোষণা কবিরের মধ্যে বিতর্ক শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের অন্যরা এতে জড়িয়ে পড়লে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তিনজন আহত হন।
আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। ঘোষণা কবিরকে প্রথমে খাগড়াছড়ির রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাত পৌনে ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকদের বরাতে জানা গেছে, তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
অন্যদিকে, সংঘর্ষের পর এক পক্ষের লোকজন হেঁয়াকো বাজার এলাকায় খাগড়াছড়ি-বারৈয়ারহাট আঞ্চলিক সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা তৈরি করেন। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। সড়কের দুই পাশে আটকা পড়া যাত্রী ও পরিবহনগুলো দুর্ভোগে পড়ে।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অবরোধ সরিয়ে দিলে যান চলাচল আবার শুরু হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল চন্দ্র দে জানান, খবর পাওয়ার পর দাঁতমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা প্রথমে ঘটনাস্থলে যান। পরে তিনি অতিরিক্ত পুলিশ নিয়ে সেখানে পৌঁছে দুই পক্ষকে শান্ত করেন। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।