নরসিংদীতে পৃথক অভিযান চালিয়ে সনেট মোল্লা নামে এক ব্যক্তিকে তার সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে নরসিংদী সদর মডেল থানা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশিকুর রহমান এসব তথ্য জানান।
পুলিশ জানায়, রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের পাঁচরুখী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সনেটকে আটক করে সদর থানা পুলিশ। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী নরসিংদী শহরের শালিধা মহল্লায় অভিযান চালিয়ে একটি ফাঁকা জায়গা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সনেট মোল্লা (৩৮) সাটিরপাড়া এলাকার বাদল মোল্লার ছেলে। তার সহযোগী রাকিব মিয়া (২৮) একই এলাকার বাসিন্দা। একই রাতে পৃথক অভিযানে রাকিবকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, এলাকায় প্রভাব বিস্তার, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে সনেট অস্ত্র ও গুলি মজুত রেখেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তার বিরুদ্ধে নরসিংদীসহ বিভিন্ন জেলায় হত্যা, ডাকাতি, অপহরণ, মাদক ও অস্ত্রসংক্রান্ত ২৯টি মামলা রয়েছে। অন্যদিকে রাকিবের বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে।
উদ্ধার করা অস্ত্রের ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।