তরুণ প্রজন্মের মেধা, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতাকে দেশের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, দেশের বিভিন্ন অঞ্চলে অসংখ্য প্রতিভাবান তরুণ রয়েছেন। তাদের উদ্ভাবনী উদ্যোগকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে নিজেদের প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমেই বাংলাদেশ স্বনির্ভর হতে পারবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মাঠে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’-এর রাজশাহী বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের সম্ভাবনা ও ঝুঁকি তুলে ধরে মন্ত্রী বলেন, এ প্রযুক্তির যেমন ইতিবাচক দিক রয়েছে, তেমনি কিছু নেতিবাচক প্রভাবও রয়েছে। বিশেষ করে বাংলাদেশের মতো জনবহুল উন্নয়নশীল দেশে এআইয়ের বিস্তারের ফলে অনেক মানুষের কর্মসংস্থান হুমকির মুখে পড়তে পারে। তবে উৎপাদনশীলতা বৃদ্ধি, পণ্যের গুণগত মান যাচাই এবং উৎপাদনপ্রক্রিয়া আরও উন্নত করতে এ প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখতে পারে। এমনকি দেশে ভেজালসহ বিভিন্ন সমস্যা মোকাবিলায়ও এআইয়ের ব্যবহার সহায়ক হতে পারে।
গবেষণা ও উন্নয়ন খাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকার বিষয়টি উল্লেখ করে ইকবাল হাসান মাহমুদ বলেন, সরকার, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন মন্ত্রণালয়ে গবেষণার জন্য প্রয়োজনীয় বাজেটের ঘাটতি রয়েছে। এ কারণে প্রচলিত উন্নয়ন কার্যক্রম চললেও নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং দেশীয় মেধা ও ধারণা কাজে লাগানোর সুযোগ সীমিত থেকে যাচ্ছে। এ পরিস্থিতি পরিবর্তনে গবেষণা ও উন্নয়ন খাতে বিনিয়োগ বাড়ানো জরুরি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজের অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী প্রতিটি মন্ত্রণালয়ের কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করেন। কাজের অগ্রগতি জানতে রাত ২টার সময়ও মন্ত্রীদের ফোন করেন। মন্ত্রীরা সব সময় সতর্ক থাকেন, কারণ প্রধানমন্ত্রী প্রত্যেকের কাজ পর্যবেক্ষণ করেন এবং বিভিন্ন বিষয়ে নিয়মিত নির্দেশনা দেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, জিয়াউর রহমান দেশের উৎপাদন ও কৃষি খাতকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। দেশীয় পণ্যের প্রতি তার আস্থা ছিল। কৃষিকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার উদ্যোগ নিয়েছিলেন তিনি। তাঁর সময়ে একপর্যায়ে বাংলাদেশ থেকে চাল বিদেশেও রপ্তানি করা হয়েছিল।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করেন।
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাহাবুদ্দিন সামস ও সাঈদী ইসলাম রিয়াদ ‘সোলার পাওয়ার ওয়াটার মাল্টি মনিটরিং সিস্টেম’ নামে একটি প্রকল্প উপস্থাপন করেন। সৌরবিদ্যুৎচালিত এ প্রযুক্তির মাধ্যমে মাছ চাষের পুকুরের পানির গুণগত মান পর্যবেক্ষণ এবং সম্ভাব্য সমস্যা শনাক্ত করা যাবে।
এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষার্থী সানজিদা পারভীন, তাইজুল ইসলাম ও শাহ নিয়ামত উল্লাহ প্রদর্শন করেন ‘এম টু এম এগ্রোনা’ প্রকল্প। এ ব্যবস্থার সাহায্যে ঘরে বসেই দূর থেকে কৃষিজমির সেচ কার্যক্রম নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী রাফিউদ্দিন সোহাগ ও নাইমুর আলম আশিক ‘অ্যারোস্ট্রাইকার’ নামের একটি ড্রোন তৈরি করেছেন। তাদের দাবি, ড্রোনটি নজরদারির পাশাপাশি সম্ভাব্য আক্রমণের আগাম সংকেত দিতেও সক্ষম।
এ ছাড়া খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দেব সারথী তীর্থ একটি ক্ষেপণাস্ত্রভিত্তিক প্রকল্প প্রদর্শন করেন। প্রতিযোগিতায় অংশ নেওয়া এসব উদ্ভাবনী প্রকল্প তরুণদের প্রযুক্তিগত দক্ষতা ও গবেষণার আগ্রহের পরিচয় তুলে ধরে।