জামালপুরের মাদারগঞ্জে রাস্তা সংস্কারের কাজকে কেন্দ্র করে চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দিনের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলা বিএনপির বহিষ্কৃত দপ্তর সম্পাদক আবু সাঈদ সুজনের বিরুদ্ধে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি, মারধর ও টাকা-মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার।
রবিবার (৮ নভেম্বর) নিজাম উদ্দিনের ভাই মো. লেমন মোল্লা মাদারগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ জমা দেন। এতে সুজনসহ কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, ভারী বৃষ্টিতে চরপাকেরদহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের একটি কাঁচা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় চলাচলের সুবিধার্থে সেটি সংস্কারের উদ্যোগ নেন ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দিন। কাজ চলাকালে সুজন কয়েকজনকে সঙ্গে নিয়ে সেখানে গিয়ে বাধা দেন। একপর্যায়ে তার কাছে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে রাজি না হওয়ায় তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ সময় নিজাম উদ্দিনের কাছ থেকে ৭০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
নিজাম উদ্দিনের ভাই লেমন মোল্লার দাবি, দেশীয় অস্ত্র দিয়ে তার ভাইয়ের ওপর হামলা চালানো হয়েছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার নেতৃত্বে আবু সাঈদ সুজন ছিলেন বলেও অভিযোগ করেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন আবু সাঈদ সুজন। তার বক্তব্য, রাস্তা দিয়ে যাওয়ার সময় তাঁকে ডেকে নিয়ে মারধর করা হয়েছে। তিনিও বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, প্যানেল চেয়ারম্যানকে মারধর ও অর্থ দাবির বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



