বরগুনা পুলিশ লাইন্সের সামনে পার্কিং করে রাখা বিআরটিসির একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৯ নভেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে। এতে বাসটির কিছু অংশ পুড়ে গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিনের মতো বিআরটিসির বাসটি পুলিশ লাইন্সের সামনের সড়কে পার্কিং করা ছিল। মধ্যরাতে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ লাইন্সের সদস্যরা আগুন দেখতে পেয়ে দ্রুত পানি দিয়ে তা নিভিয়ে ফেলেন। এতে বাসটির কিছু অংশ পুড়ে যায়।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ লাইন্সের সামনে পার্কিং করা বিআরটিসির বাসে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো শনাক্ত করা যায়নি। জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে।