দীর্ঘদিন ধরে চট্টগ্রাম কাস্টমস হাউস প্রাঙ্গণে পড়ে থাকা আটটি অকেজো গাড়ি নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। নিলামের তালিকায় রয়েছে চারটি মিতসুবিশি পাজেরো জিপ, তিনটি টয়োটা সেলুন ও একটি টয়োটা ল্যান্ড ক্রুজার। জাপানে তৈরি এসব গাড়ির মডেল ১৯৯১ থেকে ২০০৯ সালের মধ্যে।
সোমবার (৯ নভেম্বর) চট্টগ্রাম কাস্টমস হাউসের প্রশাসন শাখা থেকে প্রকাশিত এক নিলাম বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সহকারী কমিশনার (প্রিভেন্টিভ ও প্রশাসন) শরীফ মুহাম্মদ আল আমিনের স্বাক্ষর রয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গাড়িগুলো বর্তমান অবস্থায় বিক্রির জন্য আগ্রহী ক্রেতাদের কাছ থেকে সিলমোহরযুক্ত খামে দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী ২৫ নভেম্বর দুপুর ১২টার মধ্যে চট্টগ্রাম কাস্টমস হাউসের নির্ধারিত দরপত্র বাক্সে দরপত্র জমা দিতে হবে। একই দিন দুপুর সাড়ে ১২টায় দরপত্রদাতাদের উপস্থিতিতে (যদি কেউ উপস্থিত থাকেন) দরপত্র খোলা হবে।
নিলামের তালিকায় থাকা চারটি মিতসুবিশি পাজেরোর মডেল ২০০৯, ২০০৪, ২০০০ ও ১৯৯৫ সালের। তিনটি টয়োটা সেলুনের মডেল ১৯৯৬, ১৯৯৬ ও ১৯৯৫ সালের। অন্যদিকে টয়োটা ল্যান্ড ক্রুজারটির মডেল ১৯৯১ সালের। সবগুলো গাড়িই জাপানে তৈরি এবং চট্টগ্রাম কাস্টমস হাউস প্রাঙ্গণে সংরক্ষিত রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত অফিস চলাকালীন সময়ে টেন্ডার সেলের ক্যাটালগ ও দরপত্র দলিল সংগ্রহ করা যাবে। প্রতিটি গাড়ির জন্য ক্যাটালগ ও দরপত্র দলিলের মূল্য ৫০০ টাকা, যা অফেরতযোগ্য। নির্ধারিত চালানের মাধ্যমে এ অর্থ জমা দিতে হবে।
দরপত্রের সঙ্গে প্রতিটি গাড়ির জন্য নির্ধারিত মূল্যের ১০ শতাংশ জামানত পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে। পাশাপাশি দরদাতাদের হালনাগাদ ট্রেড লাইসেন্স (প্রযোজ্য ক্ষেত্রে), আয়কর সনদ, ভ্যাট নিবন্ধন সনদ ও জাতীয় পরিচয়পত্রের অনুলিপি জমা দিতে হবে। প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিজস্ব প্যাডে এবং ব্যক্তির ক্ষেত্রে সাদা কাগজে নাম, পূর্ণ ঠিকানা ও যোগাযোগের তথ্য উল্লেখ করতে হবে।
নির্বাচিত দরদাতাকে লেটার অব অ্যাকসেপ্টেন্স (এলওএ) পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে সম্পূর্ণ দরমূল্য সরকারি কোষাগারে জমা দিতে হবে। এ ছাড়া প্রচলিত আইন অনুযায়ী প্রযোজ্য ভ্যাট, অগ্রিম আয়কর ও অন্যান্য কর পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ে গাড়ি সংগ্রহ করতে ব্যর্থ হলে জামানত বাজেয়াপ্ত করা হবে এবং পরবর্তী দরদাতাকে নিলামের জন্য বিবেচনা করা হবে।
আগ্রহীরা প্রতিদিন অফিস চলাকালীন দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চট্টগ্রাম কাস্টমস হাউস প্রাঙ্গণে গাড়িগুলো সরেজমিনে পরিদর্শন করতে পারবেন। তবে অকেজো ঘোষিত এসব যানবাহন পুনরায় রেজিস্ট্রেশনের যোগ্য নয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারী কমিশনার (প্রিভেন্টিভ ও প্রশাসন) শরীফ মুহাম্মদ আল আমিন বলেন, দীর্ঘদিন ধরে পড়ে থাকা অকেজো গাড়িগুলো বিধি অনুযায়ী নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠান নির্ধারিত শর্ত পূরণ করে দরপত্রে অংশ নিতে পারবেন। স্বচ্ছতা ও নিয়ম মেনেই নিলাম কার্যক্রম সম্পন্ন করা হবে।




