অন্যান্য ফসলের তুলনায় উৎপাদন খরচ কম এবং লাভের সম্ভাবনা বেশি হওয়ায় দিনাজপুরের ফুলবাড়ীতে আগাম ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। মৌসুমের নির্ধারিত সময়ের আগেই জমি প্রস্তুত ও বীজ বপনে ব্যস্ত হয়ে পড়েছেন উপজেলার বিভিন্ন এলাকার চাষিরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ৪ হাজার ১০ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫০ হাজার ১২৫ মেট্রিক টন। এর মধ্যে আগাম জাতের ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ১ হাজার ২৫০ হেক্টর।
সাধারণত ডিসেম্বর মাস ভুট্টার বীজ বপনের উপযুক্ত সময়। তবে আগাম ফসল ঘরে তুলে বাড়তি লাভের আশায় অক্টোবরের শেষ দিক থেকেই চাষাবাদ শুরু করেছেন কৃষকরা। বর্তমানে জমি তৈরি, সার প্রয়োগ এবং সারি ধরে বীজ বপনের কাজে ব্যস্ত সময় কাটছে তাদের।
উপজেলার শিবনগর ইউনিয়নের গঙ্গাপ্রসাদ, পাঠকপাড়া ও দেবীপুর, আলাদিপুর ইউনিয়নের রাঙামাটি ও রাজারামপুর, এলুয়ারি ইউনিয়নের গণিপুর এবং খয়েরবাড়ী ইউনিয়নের লক্ষ্মীপুর, লালপুর ও মহদিপুরসহ বিভিন্ন এলাকায় সরেজমিনে এমন চিত্র দেখা গেছে। কোথাও কোথাও দলবেঁধে শ্রমিকরা দড়ি দিয়ে জমিতে সারি তৈরি করে বীজ বপন করছেন। ভোর থেকেই মাঠে নেমে পড়ছেন কৃষিশ্রমিকরা।
শিবনগর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর গ্রামের কৃষক মামুনুর রশিদ জানান, গত বছর সাড়ে তিন একর জমিতে ভুট্টা চাষ করে ভালো লাভ পেয়েছিলেন। আগাম চাষের কারণে অন্যদের তুলনায় আগেই ফসল ঘরে তুলতে পেরেছিলেন। এবার তিনি সাড়ে চার একর জমিতে আগাম জাতের ভুট্টা চাষ করছেন। তার মতে, এ ফসলে রোগবালাইয়ের আক্রমণ তুলনামূলক কম। পাশাপাশি সেচ ও সারও কম লাগে। বাজারে ভুট্টার চাহিদা থাকায় উৎপাদিত ফসলের ভালো দাম পাওয়া যায়। আবহাওয়া অনুকূলে থাকলে স্বাভাবিক সময়ের ভুট্টার তুলনায় প্রায় দুই মাস আগেই এবার ফসল ঘরে তোলা সম্ভব হবে।
একই ইউনিয়নের দাদপুর মালিপাড়া গ্রামের কৃষক বিদ্যুৎ হোসেন বলেন, আগাম ভুট্টা চাষ করে দ্রুত ফসল ঘরে তুলতে পারলে লাভের সম্ভাবনা বেশি থাকে। এ আশায় তিনি দুই বিঘা জমিতে আগাম জাতের ভুট্টা আবাদ করেছেন। তার দাবি, শুধু তিনি নন, এলাকার প্রায় ৩০ শতাংশ কৃষক এবার আগাম ভুট্টা চাষে আগ্রহী হয়েছেন।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, রবি মৌসুমের অন্যতম ফসল ভুট্টা বছরে দুই পর্যায়ে চাষ করা হয়। আগাম জাতের ভুট্টা অক্টোবরের শেষ সপ্তাহ থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত বপন করা যায়। আর দ্বিতীয় পর্যায়ে নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত চলে বীজ বপন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন বলেন, তুলনামূলক কম খরচে ভালো লাভের সুযোগ থাকায় ফুলবাড়ীতে ভুট্টা চাষের প্রতি কৃষকদের আগ্রহ বাড়ছে। ফলে উপজেলাজুড়েই আবাদ সম্প্রসারিত হচ্ছে। এবার ভুট্টা চাষের নির্ধারিত লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে যেতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।




