সিরাজগঞ্জের উল্লাপাড়া ও তাড়াশ উপজেলার ১৩টি মৌজায় দীর্ঘদিনের জলাবদ্ধতায় কৃষিকাজ বন্ধ হয়ে গেছে প্রায় ছয় হাজার বিঘা জমিতে। পাঁচ বছর ধরে এসব জমিতে স্বাভাবিকভাবে ফসল উৎপাদন করতে পারছেন না কৃষকেরা। একসময় যেখানে বছরে তিন ধরনের ফসল চাষ হতো, সেখানে এখন জমে আছে হাঁটু থেকে কোমরসমান পানি।
স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে পুকুর খনন এবং পানি চলাচলের পথ বন্ধ করে দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিভিন্ন ব্রিজের মুখে মাটি ফেলে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত করায় বিস্তীর্ণ কৃষিজমি জলাবদ্ধ হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা গেছে, উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের আগরপুর, ক্ষুদ্র সিমলা, কালিকাপুর, খেইসর, জালশুকা হরিনচরা, পুকুরপার ও দবিরগঞ্জ এবং তাড়াশ উপজেলার ঝুরঝুরি, বোয়ালিয়া, মাধবপুর, পাগলাপারা ও মথুরাপুর মৌজার কৃষিজমি পানিতে ডুবে রয়েছে।
স্থানীয়দের হিসাবে, তাড়াশের পাঁচটি এবং উল্লাপাড়ার আটটি মৌজায় এ সমস্যা প্রকট। এতে প্রায় ছয় হাজার বিঘা জমি চাষাবাদের অনুপযোগী হয়ে পড়েছে। ফসল উৎপাদন বন্ধ থাকায় কৃষকেরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
তাড়াশের আগরপুর গ্রামের কৃষক নজরুল শেখ (৫৫) জানান, পাঁচ বছর আগেও এসব জমিতে বোরো, আমন ও সরিষার আবাদ করা হতো। এখন পানি জমে থাকায় কোনো ফসলই উৎপাদন করা সম্ভব হচ্ছে না। তার মতে, পানি নিষ্কাশনের পথ বন্ধ এবং যত্রতত্র পুকুর খননই এই দুর্ভোগের প্রধান কারণ।
কৃষক হাবিবুর রহমান বলেন, জলাবদ্ধতার কারণে দুই উপজেলার অন্তত ছয় হাজার বিঘা জমিতে চাষাবাদ বন্ধ রয়েছে। এতে এলাকার কৃষকেরা বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়ছেন।
উল্লাপাড়া উপজেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, উপজেলায় আবাদযোগ্য জমির পরিমাণ প্রায় ৩২ হাজার ২০০ হেক্টর। অন্যদিকে তাড়াশ উপজেলা কৃষি বিভাগের হিসাবে, সেখানে মোট আবাদি জমি ২৯ হাজার ৭৩২ হেক্টর, যার মধ্যে বর্তমানে ২৫ হাজার ১১৫ হেক্টরে চাষাবাদ হচ্ছে।
রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওজেস আলী বলেন, কৃষকদের দুর্ভোগের বিষয়টি একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিশেষ প্রকল্পের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা গেলে সমস্যার সমাধান সম্ভব বলে তিনি আশা করছেন।
উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী জানান, জলাবদ্ধতার কারণে কয়েকটি গ্রামের শত শত কৃষক তিন ফসলি জমি ব্যবহার করতে পারছেন না। কৃষকদের ক্ষতি কমাতে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা বলেন, বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পাওয়া গেছে।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম জানান, জলাবদ্ধতাকবলিত এলাকা পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়া হবে।
অন্যদিকে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, ফসলি জমিতে অবৈধ ও অপরিকল্পিত পুকুর খনন বন্ধে অভিযান চলছে। অভিযানে জরিমানার পাশাপাশি খননযন্ত্র জব্দ করা হচ্ছে। জলাবদ্ধতা সৃষ্টির কারণ দূর করতে প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে।