উত্তরাঞ্চলের অক্সফোর্ডখ্যাত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কারমাইকেল কলেজ ১১০ বছরে পদার্পণ করেছে। নানা আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) কলেজটির ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। শিক্ষা বিস্তারের পাশাপাশি যোগ্য নেতৃত্ব ও মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ গড়ার প্রতিষ্ঠান হিসেবে পরিচিত শতবর্ষী এই বিদ্যাপীঠের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবের আমেজ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুরো ক্যাম্পাস সাজানো হয় বর্ণিল সাজে। আলোকসজ্জায় ঝলমল করে ঐতিহ্যবাহী ভবনগুলো। পরিচ্ছন্ন ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে প্রথম পর্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে জিএল হোস্টেল মাঠে আলোচনা সভা, স্মৃতিচারণ ও কেক কাটার আয়োজন করা হয়। সকাল ১০টায় জাতীয় ও কলেজের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবুল হোসেন মণ্ডল। বিকেলে একই মাঠে কলেজের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা ও ব্যান্ড সংগীতের আয়োজন করা হয়।
উদ্‌যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আবু সায়েম বলেন, ব্রিটিশ শাসন, পাকিস্তানি শোষণ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে কারমাইকেল কলেজের নিবিড় সম্পর্ক রয়েছে। শতবর্ষের গৌরব ও অর্জন এই প্রতিষ্ঠানের অনন্য পরিচয়।
কারমাইকেল কলেজ প্রতিষ্ঠার পেছনেও রয়েছে দীর্ঘ ইতিহাস। ১৯১৩ সালে তৎকালীন গভর্নর ব্যারন কারমাইকেল রংপুরে এলে সংবর্ধনা অনুষ্ঠানে কলেজ প্রতিষ্ঠার দাবি ওঠে। জমিদার ও শিক্ষানুরাগীদের অর্থসহায়তা এবং ৯০০ একর জমি দানের মাধ্যমে গড়ে ওঠে এই শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯১৬ সালের ১০ নভেম্বর তৎকালীন অবিভক্ত বাংলার গভর্নর লর্ড থমাস ডেভিড ব্যারন কারমাইকেল কলেজটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তার নাম অনুসারেই প্রতিষ্ঠানের নাম রাখা হয় কারমাইকেল কলেজ।
১৯১৭ সালের জুলাইয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় এখানে আইএ ও বিএ শ্রেণি চালুর অনুমতি দেয়। শুরুর দিকে প্রায় দুই বছর রংপুর জেলা পরিষদ ভবনে পাঠদান চলে। পরে ১৯১৮ সালের ১২ ফেব্রুয়ারি কলেজের মূল ভবন উদ্বোধন করা হয়। জার্মান নাগরিক ড. ওয়াটকিন ছিলেন কলেজের প্রথম অধ্যক্ষ।
রংপুর নগরীতে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত এই কলেজে বর্তমানে ২১টি বিভাগে প্রায় ৩৫ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন। অবিভক্ত বাংলার প্রথম সারির শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটি কারমাইকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার জন্য ২০০১ ও ২০০৬ সালে দুটি আইন পাস হলেও তা এখনো কার্যকর হয়নি।
কলেজের দক্ষিণ পাশে রয়েছে শহীদ মিনার। এ ছাড়া তিনতলা বিজ্ঞান ভবন, কলা ও বাণিজ্য ভবন, রসায়ন ভবন এবং ফুলে ঘেরা বাগান ক্যাম্পাসের সৌন্দর্য বাড়িয়েছে। প্রায় ৭০ হাজার বইসমৃদ্ধ গ্রন্থাগারটির যাত্রা শুরু হয়েছিল মাত্র ২৫০টি বই নিয়ে। মূল ভবনের মাঝখানে রয়েছে আনন্দমোহন হল। উত্তর-পশ্চিম কোণে ‘বাংলা মঞ্চ’ সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। লিচুতলার সাংস্কৃতিক মঞ্চেও নিয়মিত সৃজনশীল আয়োজন করেন শিক্ষার্থীরা।
ক্যাম্পাসে রয়েছে স্পন্দন, ক্যানভাস, বিতর্ক পরিষদ, কাকাসিস, আবৃত্তি সংসদ, বাঁধন, বিএনসিসি ও রোভার স্কাউটসহ নানা সাহিত্য, সংস্কৃতি ও স্বেচ্ছাসেবী সংগঠন। বটতলায় নতুনভাবে গড়ে উঠেছে রবীন্দ্র-নজরুল মঞ্চ। চারপাশে রংপুর ক্যাডেট কলেজ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রেলস্টেশন ও ছাত্রাবাসঘেরা এই ক্যাম্পাসে রয়েছে প্রাণচাঞ্চল্য।
কৃতী শিক্ষার্থীদের গর্বের প্রতিষ্ঠান কারমাইকেল কলেজ শুধু শিক্ষার আলো ছড়ায়নি, রাজনৈতিক চর্চার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। লাখো শিক্ষার্থীর জীবনের স্মৃতিময় অধ্যায়ের সঙ্গে জড়িয়ে আছে এই বিদ্যাপীঠের নাম। এখান থেকে পড়াশোনা করেছেন একাত্তরের ঘাতক-দালাল নির্মূল আন্দোলনের নেত্রী জাহানারা ইমাম, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ, সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল মুস্তাফিজুর রহমান, কথাসাহিত্যিক আনিসুল হক, শহীদ ছাত্রনেতা রাউফুন বসুনিয়া, কবি ও সাংবাদিক আবদুল হাই শিকদার, সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু, জাতীয় সংসদের প্রথম স্পিকার শাহ আবদুল হামিদ, ছড়াকার রফিকুল হক এবং যুক্তরাজ্যের হিন্ডবার্ন সিটির সাবেক মেয়র আলতাফুর রহমান।
প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ছিলেন সংবিধান প্রণয়ন কমিটির সদস্য এম আব্দুর রহিম, বরেণ্য সাংবাদিক মোনাজাতউদ্দিন, বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ও ষষ্ঠ রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম এবং স্বাধীনতা সংগ্রামী মণিকৃষ্ণ সেনসহ অনেকে। ব্রিটিশ শাসন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি আন্দোলনে এই কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের অবদান ইতিহাসের গর্বিত অংশ হয়ে আছে।
হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাকিলা জামান বলেন, কারমাইকেল কলেজ তাদের গর্বের জায়গা। একদিন এই ক্যাম্পাস ছেড়ে চলে যেতে হবে। তবে তার প্রত্যাশা, ভবিষ্যতেও প্রিয় ক্যাম্পাস এভাবেই উৎসবমুখর থাকবে।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবুল হোসেন মণ্ডল জানান, তিনিও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন। এখন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করতে পেরে তিনি গর্বিত। তার ভাষ্য, ইতিহাসের ধারাবাহিকতায় কারমাইকেল কলেজ নিজেই একটি ইতিহাস। এই প্রতিষ্ঠানের সুনাম দেশ-বিদেশে ছড়িয়ে রয়েছে। এখান থেকে পড়াশোনা করে অনেক শিক্ষার্থী দেশবরেণ্য ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।