ঢাকার সাভার ও ধামরাইয়ে পৃথক ঘটনায় পার্কিংয়ে রাখা দুটি বাস পুড়ে গেছে। শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে এসব অগ্নিকাণ্ড ঘটে। প্রাথমিকভাবে বাস দুটিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে সন্দেহ করছে ফায়ার সার্ভিস। তবে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ২টা ৫৫ মিনিটে সাভার থানা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা সাভার পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ৩টা ১০ মিনিটে আগুন নেভায়। এ ঘটনায় আনুমানিক দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম।
অন্যদিকে, রাত ৩টা ৪০ মিনিটের দিকে ধামরাইয়ের শরীফবাগ এলাকায় আফাজ উদ্দিন কলেজের সামনে ডি-লিংক পরিবহনের একটি বাসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৪০ মিনিটের চেষ্টায় ভোর ৪টা ২০ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল-আমিন খান জানান, বাসটি নবীনগর থেকে স্নোটেক্স গার্মেন্টসের শ্রমিকদের যাতায়াতে ব্যবহৃত হতো। রাতে পার্কিংয়ে থাকা অবস্থায় এতে আগুনের সূত্রপাত হয়। এ ক্ষেত্রেও নাশকতার আশঙ্কা করছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
এদিকে, ধামরাইয়ে বাসে আগুনের ঘটনা এবারই প্রথম নয়। গত বৃহস্পতিবার রাতে থানা রোডে মেরামতের জন্য রাখা পাভেল পরিবহনের একটি বাসে আগুন লাগে। পরদিন রাতে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় পল্লী সেবা পরিবহনের আরেকটি বাস পুড়ে যায়। সর্বশেষ ঘটনাসহ তিন রাতের ব্যবধানে উপজেলাটিতে তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।