নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১০ বছর বয়সী মাদরাসাছাত্র আরফাত হোসেন ওরফে আদিবের মৃত্যুকে কেন্দ্র করে নানা প্রশ্ন দেখা দিয়েছে। মৃত্যুর পর শিশুটির পা ও ঘাড়ে আঘাতের দাগ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে তাকে মারধরের অভিযোগ উঠেছিল। তবে সেই আঘাত, নাকি আগে থেকে থাকা অসুস্থতা—কোন কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুর গ্রামের ইয়াকুব আলী মাঝি বাড়িতে নিজ ঘরে শিশুটির মৃত্যু হয়। বিকেল ৪টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আদিব ওই বাড়ির সাহাব উদ্দিনের ছেলে। সে স্থানীয় দারুস সালাম মডেল মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, গত ১৬ অক্টোবর মাদরাসার হিফজ বিভাগের শিক্ষক হাফেজ শিব্বির আহমেদের বিরুদ্ধে আদিবকে মারধরের অভিযোগ ওঠে। বিষয়টি পরিবার মাদরাসা কর্তৃপক্ষকে জানায়। পরে প্রতিষ্ঠানটির পরিচালক দেলোয়ার হোসেন শিশুটির বাড়িতে গিয়ে তার শরীরে বেতের আঘাতের দাগ দেখতে পান বলে জানান। চিকিৎসার জন্য পরিবারকে কিছু অর্থও দেন তিনি। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ছড়িয়ে পড়ে।
আদিবের বাবা সাহাব উদ্দিন জানান, মাদরাসায় পড়ার সময় তার ছেলে মাঝেমধ্যে অসুস্থ হয়ে পড়ত। বিভিন্ন চিকিৎসকের কাছে নেওয়ার পর রক্তশূন্যতার বিষয়টি ধরা পড়ে। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে ছেলের চিকিৎসা নিয়মিত চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।
শিক্ষকের মারধরের প্রসঙ্গে তিনি বলেন, আদিব কোরআনের ১০ পারা মুখস্থ করেছিল। মাদরাসায় তাকে কিছুটা মারধর করা হয়েছিল। তবে ওই ঘটনার কারণে ছেলের মৃত্যু হয়েছে বলে তিনি মনে করেন না। বাবার ভাষ্য, সন্তানকে হারানোর বিষয়টি তিনি আল্লাহর ইচ্ছা হিসেবেই মেনে নিয়েছেন এবং এ জন্য শিক্ষককে দায়ী করছেন না।
মাদরাসার পরিচালক দেলোয়ার হোসেন বলেন, শিক্ষকের শাসনের বিষয়ে অভিভাবকেরা ফোনে জানানোর পর তিনি শিশুটির বাড়িতে যান। সেখানে তার শরীরে বেতের দাগ দেখতে পেয়ে সংশ্লিষ্ট শিক্ষককে সতর্ক করেন। পরে জানতে পারেন, আদিবের আরও কিছু শারীরিক সমস্যা ছিল। চিকিৎসার কাগজপত্র দেখতে চাইলেও পরিবার তা দেয়নি বলে দাবি করেন তিনি। চিকিৎসার ব্যবস্থা করতে চেয়েও অভিভাবকদের সহযোগিতা পাননি বলেও জানান পরিচালক।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবীবুর রহমান বলেন, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন থাকায় মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তা ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।