কুষ্টিয়া শহরের থানা পাড়ায় দীর্ঘদিনের উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাড়ির সামনে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে এক স্কুলছাত্রের বিরুদ্ধে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে কিচেন ক্লাবের কাছে ভাড়া বাসার গেটের সামনে এ ঘটনা ঘটে।
আহত জাকিয়া সুলতানা (১৬) কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। সে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার জাকারিয়ার মেয়ে। তার বাবা একটি বেসরকারি ওষুধ কোম্পানিতে চাকরি করায় পরিবারটি কুষ্টিয়া শহরের থানা পাড়ায় বসবাস করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টা ১০ মিনিটের দিকে স্কুল ছুটির পর বাসায় ফেরে জাকিয়া। বাড়ির গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে থাকা অবস্থায় কালো শার্ট পরা এক কিশোর ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করে। জাকিয়ার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ছুরিটি ফেলে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দুপুর ১টা ৪০ মিনিটে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
অভিযুক্ত ইমন মজমপুর এলাকার বাসিন্দা এবং শহরের সান আপ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। অভিযোগ রয়েছে, কোচিংয়ে পড়ার সময় থেকে সে জাকিয়াকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি ইমনের পরিবারের সদস্যদের জানানো হলে কিছুদিন সে বিরত থাকে। তবে অভিভাবকদের কাছে অভিযোগ করার জের ধরে এ হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা জাকিয়ার পরিবারের।
জাকিয়ার মা সুমি আক্তার বলেন, দীর্ঘদিন ধরে ইমন তার মেয়েকে উত্ত্যক্ত করছিল। বিষয়টি তার পরিবারের সদস্যদের জানানোর পর কিছুদিন বিরত থাকলেও সোমবার বাড়ির সামনে মেয়েকে ছুরি দিয়ে আঘাত করে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান জানান, জাকিয়ার হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কয়েকটি স্থানে সেলাই দিতে হয়েছে। বর্তমানে সে আশঙ্কামুক্ত।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ বলেন, ঘটনাটি পুলিশের নজরে এসেছে। আহত শিক্ষার্থীর অস্ত্রোপচার শেষে তার সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করা হবে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।




