নওগাঁ শহরের বাইপাস সড়কে দাঁড়িয়ে থাকা দুটি বাস আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাবতলী মোড়ে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গাবতলী মোড়ে আল বারাকার তিনটি বাস পাশাপাশি রাখা ছিল। রাতের কোনো একসময় সেগুলোর মধ্যে দুটি বাসে আগুন ধরে যায়। আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাস দুটি ক্ষতিগ্রস্ত হয়।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নেভানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জ্বলন্ত কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ঘটনায় কেউ আহত বা নিহত হননি।