শিক্ষার মানোন্নয়ন এবং আদর্শ শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মো. শাহজাহান। তিনি বলেছেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব আমাদের নিজেদেরই নিতে হবে।
সোমবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্ধারিত স্থানে সংসদ সদস্য ও উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী যৌথভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
শাহজাহান বলেন, নতুন এই প্রতিষ্ঠান নোয়াখালীর শিক্ষাক্ষেত্রে অগ্রগতির ধারাকে আরও এগিয়ে নেবে। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পেছনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, ইতিমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে নোবিপ্রবি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় এ সাফল্য এসেছে।
তিনি আরও বলেন, ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক শিক্ষা অর্জনের সুযোগ তৈরি করবে। এ উদ্যোগ বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রশংসা করেন তিনি এবং জমি অধিগ্রহণে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, নতুন প্রতিষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাসংশ্লিষ্ট কার্যক্রমকে আরও বিস্তৃত করবে। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এখানে ব্যবহারিক শিক্ষা ও ইন্টার্নশিপের সুযোগ পাবেন। পাশাপাশি শিশু-কিশোরদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি ভূমিকা রাখবে।
উপাচার্য আরও বলেন, স্থানীয় জনগণের সহযোগিতা ছাড়া একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব নয়। নোবিপ্রবির উদ্যোগে প্রতিষ্ঠিত এই স্কুল অ্যান্ড কলেজ ভবিষ্যতে শিক্ষাক্ষেত্রে অনুকরণীয় প্রতিষ্ঠানে পরিণত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ জন্য অভিভাবক, স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জিনাত রেহানা, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার, প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান এবং জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বক্তব্য দেন।
এ ছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




