রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে আঞ্চলিক রাজনৈতিক বিরোধ ও আধিপত্য বিস্তারের লড়াইয়ে নতুন সমীকরণ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে ইউপিডিএফের প্রভাবাধীন হিসেবে পরিচিত সাজেক এলাকায় সংগঠনটির নিয়ন্ত্রণ দুর্বল হওয়ার পাশাপাশি নিজেদের সাংগঠনিক কাঠামোতেও ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে সাজেক কারবারি অ্যাসোসিয়েশন বিলুপ্ত ঘোষণা এবং অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহারের ফলে স্থানীয় জনজীবনে স্বস্তি ফিরতে শুরু করেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় এক ভিডিও বার্তায় সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা সংগঠনটি বিলুপ্ত করার ঘোষণা দেন। একই সঙ্গে সভাপতির পদ থেকে পদত্যাগ এবং চলমান অবরোধ প্রত্যাহারের কথাও জানান তিনি।
বুধবার সকাল থেকে সাজেকের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র গঙ্গারাম বাজারে মানুষের উপস্থিতি বাড়তে দেখা যায়। স্থানীয় জুমচাষিরা উৎপাদিত কৃষিপণ্য নিয়ে বাজারে আসেন। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে দোকানপাট ও কেনাবেচায় প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করে।
তবে অবরোধ পুরোপুরি শেষ হয়েছে কি না, তা নিয়ে ভিন্ন অবস্থান রয়েছে। সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সভাপতি ও আন্দোলনের মুখপাত্র বাবুধন চাকমা জানিয়েছেন, পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সাজেক সড়কে অবরোধ অব্যাহত থাকবে। মঙ্গলবার রাতে দেওয়া বিবৃতিতে তিনি অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। একই ধরনের অবস্থান জানিয়েছে ছাত্র জনতার সংগ্রাম পরিষদও।
নতুন জয় চাকমা তার ভিডিও বার্তায় বলেন, দীর্ঘদিনের অবরোধে সাজেকের সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়েছে। বাইরের এলাকার সঙ্গে যোগাযোগ ব্যাহত হওয়ায় খাদ্যপণ্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সরবরাহেও সমস্যা তৈরি হয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন সাধারণ বাসিন্দারা।
তিনি আরও বলেন, ইউপিডিএফের সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকলেও সাধারণ মানুষকে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে চাপ প্রয়োগের অভিজ্ঞতা তার রয়েছে। বিশেষ করে জনস্বার্থবিরোধী কর্মসূচিতে সাধারণ মানুষকে সম্পৃক্ত করার প্রবণতা তাকে উদ্বিগ্ন করেছে। ব্যক্তিগত উপলব্ধি ও স্থানীয় মানুষের স্বার্থ বিবেচনায় তিনি সংগঠনটির দায়িত্ব ও কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
সাজেকের বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের দুর্ভোগের কথা উল্লেখ করে নতুন জয় চাকমা বলেন, ভয়ভীতি ও অনিশ্চয়তার মধ্যে আর বসবাস করতে চান না স্থানীয়রা। মানুষের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
স্থানীয় সূত্রগুলোর দাবি, সাম্প্রতিক সময়ে জেএসএসের সঙ্গে কয়েক দফা সংঘর্ষের পর সাজেকের বেশ কিছু এলাকায় ইউপিডিএফের নিয়ন্ত্রণ কমেছে। একসময় সংগঠনটির শক্ত অবস্থান ছিল এমন কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকাও এখন প্রতিপক্ষের প্রভাবাধীন বলে স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে। মাচালং, উজোবাজার, নাঙ্গলমারা ও গঙ্গারামসহ কয়েকটি এলাকায় ইউপিডিএফের সাংগঠনিক তৎপরতা সীমিত হয়ে পড়েছে বলে জানা গেছে।
স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর ভাষ্য, সাজেকে প্রায় ৪০০ থেকে ৫০০ কোটি টাকার বিনিয়োগ রয়েছে। সেখানকার ব্যবসা ও পর্যটনকেন্দ্র ঘিরে প্রতিবছর বিপুল অঙ্কের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। অভিযোগ রয়েছে, কটেজ, রেস্তোরাঁ, চাঁদের গাড়ি ও মাহেন্দ্রসহ বিভিন্ন পরিবহন থেকে নিয়মিত চাঁদা আদায় করা হয়।
সাজেক কটেজ রিসোর্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা বলেন, আঞ্চলিক দলগুলোর আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে সাজেকের পর্যটন ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পর্যটনের ভরা মৌসুমেও বিধিনিষেধের কারণে পর্যটক আসছেন না। ব্যবসায়ীরা এই পরিস্থিতির দ্রুত রাজনৈতিক সমাধান চান।
দীর্ঘদিন যানবাহন চলাচল বন্ধ থাকায় পর্যটন খাতের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়েছে। স্থানীয়দের অভিযোগ, গত ২১ অক্টোবর থেকে পণ্যবাহী যানবাহন সাজেকে প্রবেশ করতে পারেনি। কৃষিপণ্য বাইরে পাঠাতেও সমস্যায় পড়েছেন চাষিরা। এ অবস্থা দীর্ঘায়িত হলে খাদ্যসংকটের আশঙ্কাও করছেন তারা।
তবে ইউপিডিএফ সমর্থিত একটি সূত্রের দাবি, তারা চাইলে সংঘাতে জড়াতে পারত। কিন্তু জেএসএসের কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের ওপর এর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরির উদ্দেশ্যে তারা এ অবস্থান নিয়েছে।
অন্যদিকে জেএসএসের কেন্দ্রীয় কমিটির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, জেএসএসের কোনো সশস্ত্র শাখা নেই। সংগঠনটি নিয়মতান্ত্রিকভাবে জনকল্যাণমূলক রাজনীতি করে আসছে। চুক্তিবিরোধী সংগঠনগুলোর কারণেই পাহাড়ে অশান্তি বিরাজ করছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমার সঙ্গে মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।
রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, সাজেক খুলে দেওয়ার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে বুধবার সাজেক পর্যটন সড়কে অবরোধের পক্ষে কয়েকটি গাছ পুড়িয়ে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করা হলেও স্থানীয় বাজার ও জনজীবনে এর বড় কোনো প্রভাব পড়েনি বলে জানা গেছে। তবে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, একটি পক্ষ অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিলেও অন্য পক্ষ কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা বলেছে। এ কারণে যানবাহন চলাচল এখনো স্বাভাবিক হয়নি। কিছু যানবাহন চললেও সেগুলোতে মূলত স্থানীয় বাসিন্দারাই যাতায়াত করছেন, পর্যটক নেই। এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।