কক্সবাজারের কলাতলী হোটেল-মোটেল এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার সকাল ৬টার দিকে সৈকতপাড়া সড়কে একটি হোটেলের পাশের বসতঘরে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানিয়েছেন, স্থানীয়দের সহযোগিতায় অগ্নিনির্বাপণ কার্যক্রম চলছে। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে কী কারণে আগুনের সূত্রপাত এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাস্থলের আশপাশে একাধিক আবাসিক হোটেল ও রিসোর্ট থাকায় নিরাপত্তার স্বার্থে সেখানকার পর্যটক ও স্থানীয় বাসিন্দারা বাইরে বেরিয়ে আসেন। অনেকে সড়কে অবস্থান নেন।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ পর্যটকের মৃত্যু হয়েছিল। এর কয়েক দিন পর ২৩ অক্টোবর শহরের সুগন্ধা পয়েন্টের হোটেল সি প্রিন্সেসেও আগুন লাগে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় ওই ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।