সারাদেশে, বিশেষ করে সিটি করপোরেশন ও শহরাঞ্চলে চলাচলকারী তিন চাকার ব্যাটারিচালিত ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার।রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ই-রিকশার চলাচল, নিবন্ধন ও নিয়ন্ত্রণ নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সভায় ই-রিকশার ব্যবস্থাপনা, চলাচল, নিবন্ধন ও নিয়ন্ত্রণ নিয়ে সংশ্লিষ্ট অংশীজনেরা বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন। পাশাপাশি আগের সভাগুলোর সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতিও পর্যালোচনা করা হয়।ই-রিকশার ফিটনেস পরীক্ষা ও প্রত্যয়ন, গ্যারেজ ও চার্জিং ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং নগরীতে যান চলাচলে শৃঙ্খলা আনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে কোনোভাবেই জনগণকে ভোগান্তিতে ফেলা যাবে না। কার্যকরভাবে এটি বাস্তবায়ন করা গেলে যানজট নিয়ন্ত্রণ, সড়কে শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি বলেন, স্থানীয় সরকারের মাধ্যমে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন ব্যবস্থা চালু করা হলে ই-রিকশা খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি সরকারের রাজস্বও বাড়বে। একই সঙ্গে বিদ্যমান ই-রিকশাগুলোর ফিটনেস পরীক্ষা করে প্রত্যয়ন দেওয়ার ব্যবস্থা করা হবে।

প্রতিমন্ত্রী জানান, ই-রিকশা ব্যবস্থাপনা সংক্রান্ত বিধিমালার খসড়া আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। এরপর দ্রুত বিধিমালা প্রণয়ন ও প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে।সভায় বুয়েটের যন্ত্রকৌশল ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই অধ্যাপকসহ স্থানীয় সরকার বিভাগ, সিটি করপোরেশন ও ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।