মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফরকে ঘিরে রাষ্ট্রীয় পর্যায়ে নিরাপত্তা ও আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়েছে। সফর উপলক্ষে আগামী ৭ ও ৮ ডিসেম্বর তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করেছে সরকার।
রবিবার (২২ নভেম্বর) প্রকাশিত সরকারি গেজেটে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ২(ক) ধারায় দেওয়া ক্ষমতাবলে এ ঘোষণা দেওয়া হয়েছে। সফরের দুই দিন এ মর্যাদা কার্যকর থাকবে এবং প্রজ্ঞাপনটি অবিলম্বে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
ডিসেম্বরের এই সফরকে কেন্দ্র করে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা করা হচ্ছে। একই মাসে মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুরও ঢাকা সফরের প্রস্তুতি চলছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করে গত জুনে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান তারেক রহমান। আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে অনুষ্ঠিত ওই সফরে দুই দেশের সম্পর্ক ও সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়।
অন্যদিকে, ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে এসেছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।
পরপর দুই দেশের শীর্ষ নেতাদের সম্ভাব্য সফরকে ঘিরে ডিসেম্বর মাসে ঢাকার কূটনৈতিক তৎপরতা বাড়বে বলে ধারণা করা হচ্ছে।