বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও যোগাযোগসহ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ ও নেপাল। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে।
রবিবার পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সঙ্গে ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি সৌজন্য সাক্ষাৎ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণের জন্য পররাষ্ট্রসচিবকে অভিনন্দন জানান।
আলোচনায় দুই দেশের বিদ্যমান সম্পর্কের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ, শিক্ষা ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক বিনিময় সম্প্রসারণের উপায় নিয়েও মতবিনিময় করেন তারা।
বৈঠকে বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোকে কাজে লাগিয়ে নিয়মিত যোগাযোগ বাড়ানো এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে উভয়পক্ষ একমত হয়।
এদিকে একই দিন পররাষ্ট্রসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল। বৈঠকে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন এবং শিক্ষা খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া দুই দেশের নাগরিকদের যাতায়াত, রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনায় স্থান পায়।




